ইউরোপের তিন দেশ নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।
দেশগুলো বলছে, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই স্বীকৃতি সহায়তা করবে।
নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে বলেছেন, ২৮ মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে নরওয়ে।
বুধবার (২২ মে) এক সংবাদ সম্মেলনে স্টোরে বলেন, “চলমান যুদ্ধের মধ্যে আমাদের অবশ্যই একটি বিষয় টিকিয়ে রাখতে হবে, যেটা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের নিরাপদ আবাস দিতে পারে; দুটি রাষ্ট্র যেখানে মানুষ একে অপরের সঙ্গে শান্তিতে বসবাস করতে পারবে।”
একই ঘোষণা দিয়েছে স্পেন ও আয়ারল্যান্ড। বুধবার (২২ মে) সংসদে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেছেন, স্পেন ২৮ মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে।
অন্যদিকে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন।
এসব ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আয়ারল্যান্ড ও নরওয়ের ঘোষণার কারণে তারা ওই দুই দেশ থেকে রাষ্ট্রদূতদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইসরায়েলের দাবি, এভাবে স্বীকৃতি দেওয়া হলে “আরও সন্ত্রাসবাদ ও অস্থিরতা” বাড়বে।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্লোভেনিয়া ও মাল্টাও সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আভাস দিয়েছে।
নরওয়ের ঘোষণার আগে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৩টি রাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল।
সুইডেন প্রায় এক দশক আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়।



ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ে কাজ করবে চার ইউরোপীয় দেশ
আল আকসা যেভাবে হয়ে উঠল ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের কেন্দ্রবিন্দু