ভারতে ৫৪২টি কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টায় শুরু হয় এ গণনা। এখন পর্যন্ত ভোট গণনায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে ২৫৭টি আসনে। ‘‘ইন্ডিয়া’’ জোট এগিয়ে ১৪৫টি আসনে এবং অন্যরা এগিয়ে ১৯টি আসনে। খবর এনডিটিভি'র।
বারাণসী লোকসভা কেন্দ্রে প্রাথমিক তথ্যে এগিয়ে আছেন নরেন্দ্র মোদী। অমেঠী কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। অপরদিকে গান্ধীনগরে এগিয়ে আছেন অমিত শাহ।
হামিরপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর, কনৌজ কেন্দ্রে এগিয়ে আছেন অখিলেশ যাদব। তবে রায়বরেলী এবং ওয়েনাড় দুই কেন্দ্রেই এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
প্রথম এক ঘণ্টার ভোট গণনার তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশে ইন্ডিয়ার অন্যতম শরিক এসপি এগিয়ে ২৬টি আসনে, কংগ্রেস এগিয়ে ৬টি আসনে। অপরদিকে, বিজেপি এগিয়ে ২২টি আসনে এবং আরএলডি এগিয়ে ১টি আসনে।
গেল আড়াই মাস ধরে মোট সাত দফায় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশটির প্রধান উৎসব সাধারণ নির্বাচনে ভোট হয়েছে।



