Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাশ্মিরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ভারতীয় ৪ সেনা কর্মকর্তা নিহত

কাঠুয়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মাচেদি-কিন্ডলি-মালহার সড়কে সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় অতর্কিত এই হামলার ঘটনা ঘটেছে

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১১:১১ পিএম

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের কাঠুয়া জেলায় সামরিক বাহিনীর গাড়িবহরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অতর্কিত হামলায় অন্তত চার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার কাঠুয়ার প্রত্যন্ত মাচেদি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় আহত হয়েছেন আরও ছয় সেনা কর্মকর্তা।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, সোমবার (৮ জুলাই) বিকেলের দিকে জম্মু ও কাশ্মিরের কাঠুয়া জেলার প্রত্যন্ত মাচেদি এলাকায় সামরিক গাড়ি বহরে সন্ত্রাসীদের হামলায় চার সেনা সদস্য নিহত ও ছয়জন আহত হয়েছেন। কাঠুয়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মাচেদি-কিন্ডলি-মালহার সড়কে সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় অতর্কিত এই হামলার ঘটনা ঘটেছে।

আহতদের উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সামরিক বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে প্রথমে গ্রেনেড নিক্ষেপ করে এবং পরবর্তীতে গুলি চালায়। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দিয়েছে। কিন্তু হামলাকারীরা পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে গেছে।

এনডিটিভি বলেছে, হামলার এই ঘটনার পর মাচেদি-কিন্ডলি এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে হামলাকারীদের শনাক্ত করতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

কর্মকর্তারা বলেছেন, হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মাঝে দফায় দফায় গোলাগুলি চলছে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় জম্মু অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর ওপর দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে। এর আগে, রোববার রাজৌরি জেলায় সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এতে এক সৈন্য আহত হয়েছেন।

জম্মু ও কাশ্মিরের কুলগাম জেলায় পৃথক দুই বন্দুকযুদ্ধের ঘটনায় ছয় বিচ্ছিন্নতাবাদীর প্রাণহানির ঘটনার ২৪ ঘণ্টা যেতে না যেতে মাচেদি এলাকায় সোমবারের এই হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার শুরু হওয়া বন্দুকযুদ্ধে কুলগামেও ভারতীয় দুই সৈন্য নিহত ও অপর একজন আহত হয়েছেন বলে এনডিটিভিকে জানিয়েছে কাশ্মির পুলিশ। 

হিমালয় অঞ্চলের ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে পাকিস্তান। ১৯৮৯ সালে জম্মু-কাশ্মিরে ভারত-বিরোধী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হওয়ার পর ওই অঞ্চলে অসংখ্যবার সহিংসতা ঘটেছে। দশকের পর দশক ধরে চলে আসা এই সহিংসতায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে জম্মু-কাশ্মির উপত্যকায় সহিংসতার ঘটনা কমেছে।

   

About

Popular Links

x