Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নরওয়ের উপকূলে ‘রাশিয়ার গুপ্তচর’ তিমির রহস্যজনক মৃত্যু

ধারণা করা হচ্ছে, তিমিটি গুপ্তচর হিসেবে কাজ করতো

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৯ পিএম

নরওয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর রিসাভিকা উপকূলে বেলুগা প্রজাতির একটি তিমি মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিমিটিকে গুপ্তচর হিসেবে রাশিয়া প্রশিক্ষণ দিয়েছিল।

রবিবার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বেলুগা জাতের তিমি সাধারণত ৬০ বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে এটি আনুমানিক ১৫ বছর বয়সেই কেন মারা গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মেরিন মাইন্ড নামের একটি সংগঠন। গত সপ্তাহে তিমিটির মৃতদেহ খুঁজে পায় সংগঠনটি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান স্ট্রান্ড বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আমরা তিমিটির দেহাবশেষ উদ্ধার করতে পেরেছি। পরীক্ষা-নিরীক্ষার জন্য তিমিটির মরদেহ ঠাণ্ডা জায়গায় রাখা হয়েছে। ভেটেরিনারি ইনস্টিটিউট এই পরীক্ষা-নিরীক্ষা করবে। তিমিটির মৃত্যুর কারণ অজানা। তিমিটির শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন নেই।”

২০১৯ সালে নরওয়ের উত্তর উপকূলে তিমিটিকে প্রথম দেখা যায়। তার দেহে ক্যামেরা আটকানোর একটি খোপে “সেইন্ট পিটার্সবার্গের সরঞ্জাম” শব্দগুচ্ছ খোদাই করা ছিল। এতে ধারণা তৈরি হয়, তিমিটি গুপ্তচর হিসেবে কাজ করতো।

রাষ্ট্রের নিরাপত্তার উদ্দেশ্যে ও সামরিক কাছে ডলফিনসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণিদের প্রশিক্ষণ দিয়ে আসছে রাশিয়া এমন তথ্য ইতিহাসে রয়েছে। তবে মস্কো কখনোই আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেননি।

   

About

Popular Links

x