শনাক্তকরণ এড়াতে কৌশল অবলম্বনের অভিযোগে রাশিয়ার কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যমকে নিষিদ্ধ করেছে ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা। এই্ নিষেধাজ্ঞা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং থ্রেডসে প্রয়োগ করা হবে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মেটার মুখপাত্র বলেছেন, বিদেশি হস্তক্ষেপমূলক কার্যকলাপের কারণে রাশিয়ার রসিয়া সেগোদনিয়া, আরটি ও অন্যান্য সংবাদ সংস্থাগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ চ্যানেল আরটি জানায়, এই চ্যানেল সহ অন্যদের বিরুদ্ধে গত কয়েক দিনে আনা অভিযোগগুলোকে প্রত্যাখ্যান করেছে আরটি কর্তৃপক্ষ এবং রাশিয়া।
ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই নিষেধাজ্ঞা পুরোপুরি বাস্তবায়ন করবে মেটা কর্তৃপক্ষ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ান দূতাবাস এবং রুশ সংবাদ সংস্থা স্পুটনিক নিউজের মন্তব্যের জন্য যোগাযোগ করেও সাড়া পায়নি বিবিসি।
পশ্চিমা দেশগুলোর রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো, সম্প্রতি এমন অভিযোগ করা হয়েছে। একই রকমভাবে নিরাপত্তা দুশ্চিন্তায় পড়েছে ফেসবুক সহ মেটা মালিকানাধীন অন্যান্য অ্যাপ ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস।
২ বছর আগেও রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলোর প্রচারণা ঠেকাতে কনটেন্টের রিচ কমিয়ে দেওয়ার মতো কিছু ব্যবস্থা গ্রহণ করেছিল মেটা কর্তৃপক্ষ। ইউক্রেনে হামলার পর ওই অঞ্চলে রাশিয়ার গণমাধ্যমগুলোকে ব্লক করার জন্য মেটা ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে অনুরোধ করেছিল ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং ইউক্রেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আরটি ও অন্যান্য রুশ-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কয়েক দিন পর এমন ঘোষণা দিল মেটা। এর আগে মার্কিন কর্মকর্তারা আরটিকে মস্কোর গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে চিহ্নিত করেন।
মার্কিন বিচার বিভাগ এই মাসের শুরুর দিকে আরটির দুই কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, যেখানে দাবি করা হয়েছে যে রাজনৈতিক বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে তারা গোপনে টেনেসি-ভিত্তিক একটি ডানপন্থি সংবাদ কোম্পানিকে অর্থায়ন করেছিল।
গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সম্প্রচারমাধ্যম আরটিকে রুশ গোয়েন্দা সংস্থাগুলোর একটি হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন। তবে ব্লিঙ্কেনের বক্তব্যটি এক্স অ্যাকাউন্টে পোস্ট করে এটিকে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ হিসেবে আখ্যা দিয়েছে আরটি কর্তৃপক্ষ।



