শ্রীলঙ্কার নব-নির্বাচিত বামপন্থি প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে কলম্বোতে এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) কলম্বোর রাষ্ট্রপতি সচিবালয় থেকে শ্রীলঙ্কার রাষ্ট্রীয় এক টেলিভিশনে তা সরাসরি সম্প্রচার করা হয়েছে।
শপথ নেওয়ার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, “আমি শ্রীলঙ্কার সংকটের জটিলতা সম্পর্কে ভালোভাবে অবগত এবং তার নেতৃত্বাধীন সরকার এই সংকটের আবর্ত থেকে দেশ এবং দেশবাসীকের রক্ষা করতে নিরলসভাবে পরিশ্রম করবে। আমি জানি, সাম্প্রতিক সংকট পরিস্থিতির জেরে অনেকেই রাজনীতিবিদদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। সেই আস্থা যেন ফিরে আসে, সেজন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তবে এটাও সত্য যে আমি কোনো জাদুকর নই। আমার হাতে কোনো ম্যাজিক নেই যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে। এমন অনেক ব্যাপার আছে যা আমি জানি, আবার অনেক ব্যাপার আছে যা আমি জানি না।”
উল্লেখ্য, ২০২২ সালে দ্বীপ দেশটিতে মারাত্মক অর্থনৈতিক সঙ্কট দেখা দিলে ব্যাপক গণ বিক্ষোভের মুখে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাকসের দেশ ছেড়ে পালিয়ে গেলে শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার ২য় দফায় ভোট গণনার পর তাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এর মধ্যদিয়ে ৫৫ বছর বয়সি দিসানায়েক দ্বীপরাষ্ট্রটির ১ম বামপন্থি রাষ্ট্রপ্রধান হওয়ার গৌরব অর্জন করলেন। এই নির্বাচনে এক সময়ের প্রান্তিক বামপন্থী মার্কসবাদী পার্টির নেতা দিশানায়েকে বিভিন্ন রাজনৈতিক দলের ৩৮ জন প্রার্থীকে পরাজিত করে জয়ী হন।



