কানাডায় “তান্দুরি” নামের এক নতুন রেস্টুরেন্ট খোলা হয়েছে। খোলার পর পরই এটি ওয়েটার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেটি দেখার পর থেকে রেস্টুরেন্টের বাইরে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থীর লাইন দেখা যায়। জানা যায়, তারা রেস্টুরেন্টটিতে ওয়েটার চাকরির জন্য ভাইভা দিতে গিয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মেঘ আপডেটস নামক একটি অ্যাকাউন্ট থেকে কানাডার ওই রেস্টুরেন্টের ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওর শিরোনামে লেখা হয়, “কানাডায় দেখা দিয়েছে ভয়ংকর চিত্র। প্রায় ৩ হাজার শিক্ষার্থী যার বেশিরভাগ ভারতীয় ওয়েটার এবং সার্ভেন্টের চাকরির জন্য ব্রাম্পটনের একটি রেস্টুরেন্টের বাইরে লাইন ধরেছে। সম্প্রতি রেস্টুরেন্টটি ওয়েটার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। ট্রুডোর কানাডায় কী বেকারত্ব বাড়ছে? ভারত থেকে বড় হওয়ার স্বপ্ন নিয়ে যারা কানাডায় যাওয়ার পরিকল্পনা করছেন তাদের আরও গভীরভাবে ভাবতে হবে!”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই মন্তব্য করে বলেন যে এখন পুরো বিশ্বব্যাপী বেকারত্ব ও অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে। তাই এখন অন্যদেশে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখার জন্য আগে সে দেশ সম্পর্কে খোঁজখবর নিতে হবে।



