Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তান থেকে ২৫,০০০ টন চিনি কিনল বাংলাদেশ

এর আগে দীর্ঘদিন ধরে ভারতের চিনি শিল্প থেকে চিনি আমদানি করতো বাংলাদেশ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পিএম

পাকিস্তান থেকে ২৫,০০০ টন চিনি কিনেছে বাংলাদেশ। আমদানি করা এই চিনি আগামী মাসেই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কয়েক দশক পর দক্ষিণ এশিয়ার এই দেশটি থেকে এতো বিপুল পরিমাণ চিনি আমদানি করবে ঢাকা। এর আগে দীর্ঘদিন ধরে ভারতের চিনি শিল্প থেকে চিনি আমদানি করতো বাংলাদেশ।

দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন উচ্চমানের চিনি কিনেছে বাংলাদেশ, যা আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। কর্মকর্তাদের মতে, বহু দশক পর ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশে এত বিপুল পরিমাণে নিজেদের উৎপাদিত পণ্য পাঠাচ্ছে পাকিস্তানি চিনি শিল্প।

গত সোমবার আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টন ৫৩০ মার্কিন ডলারে পৌঁছেছে। দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, এর আগে ভারত থেকে চিনি আমদানি করে আসছিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুমোদনের পর এই বছর কমবেশি ৬ লাখ টন চিনি রপ্তানির চুক্তি করেছে পাকিস্তানের চিনি শিল্প।

এর মধ্যে ৭০,০০০ টন চিনি পাকিস্তান থেকে পাঠানো হবে মধ্য এশিয়ার দেশগুলোতে। থাইল্যান্ড পাকিস্তানের চিনি শিল্প থেকে ৫০,০০০ টন চিনি কিনেছে। পাকিস্তানের চিনি ব্যবসায়ীদের কর্মকর্তা মজিদ মালিক জানান, উপসাগরীয় রাষ্ট্র, আরব দেশ এবং আফ্রিকান দেশগুলোও পাকিস্তান থেকে চিনি কেনার চুক্তি করেছে।

চিনি রপ্তানি থেকে পাকিস্তান ৪০০-৫০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে। মূলত পাকিস্তানের চিনি শিল্প দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য একটি প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শিল্প হয়ে উঠেছে। চলতি বছর পাকিস্তানের ৮০টিরও বেশি চিনিকল চিনি উৎপাদন শুরু করেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের যৌথ প্রচেষ্টায় দেশের চিনি শিল্প সফলভাবে বিপুল পরিমাণ চিনি রপ্তানি করে চলেছে। এর আগে এসব চিনি আফগানিস্তানের মধ্য দিয়ে উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান এবং আজারবাইজানে পাচার হয়ে যেত।

   

About

Popular Links

x