Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এখনও পুড়ছে লস অ্যাঞ্জেলস, বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে পরামর্শ

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহর আগুনের ছাই ও বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১২:২৯ পিএম

কয়েকদিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহর। বাতাস দূষিত হওয়ায় স্বাস্থ্য কর্মকর্তারা শনিবার (১১ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসে বসবাসকারী মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। কারণ, বিপজ্জনক দাবানলের বিষাক্ত ধোঁয়া এবং ছাই এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে এএফপি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরজুড়ে ছড়িয়ে পড়া দাবানলের কারণে বাতাসে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ফলে আগুনের ছাই ও ধোঁয়ায় বিস্তীর্ণ অঞ্চল ঢেকে গেছে।

লস অ্যাঞ্জেলস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের অনীশ মহাজন এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা প্রত্যেকেই এই দাবানলের ধোঁয়া অনুভব করছি। এই ধোঁয়া ক্ষুদ্র ক্ষুদ্র কণা, গ্যাস এবং জলীয় বাষ্পের মিশ্রণে সৃষ্ট। বাতাসের সঙ্গে এই ছোট ছোট কণাগুলো আমাদের নাক ও গলায় প্রবেশ করে। এর কারণে আমাদের গলা ব্যথা এবং মাথা ব্যথা হতে পারে।”

তিনি বলেন, “যেসব এলাকায় দৃশ্যমান ধোঁয়া বা ধোঁয়ার গন্ধ আছে, এমনকি যেসব এলাকায় আপনি তা দেখতে পান না, সেখানেও বাতাসের মান খারাপ থাকে। তাই যতটা সম্ভব বাইরের বের হওয়া সীমিত করা উচিত। এমনকি সুস্থ ব্যক্তিদেরও যতটা সম্ভব ঘরের ভেতরে থাকা উচিত। জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করা উচিত।”

তিনি আরও বলেন, “যাদের বাইরে কাজ করতে হয়, তাদের ‘এন-৯৫’ মাস্ক ব্যবহার বা পরিধান করা উচিত। তরুণ, বৃদ্ধ এবং অসুস্থদের এই সময়ে বিশেষভাবে সতর্ক থাকা উচিত। যারা স্বাস্থ্যগত ঝুঁকিতে আছেন, যেমন- শিশু, বয়স্ক, শ্বাসকষ্ট এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের শ্বাসকষ্ট, কাশি এবং বুকে ব্যথার মতো আরও খারাপ লক্ষণ দেখা দিতে পারে।”

একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা লস অ্যাঞ্জেলসের আশেপাশের বিস্তীর্ণ এলাকা ধ্বংস করে দিয়েছে, ফলে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি এবং গাছপালা ছাই হয়ে গেছে।

   

About

Popular Links

x