ভারত যেকোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার জবাব দিতে পাকিস্তান প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, “আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি। কারণ, এখন এটি (সম্ভাব্য হামলা) অত্যাসন্ন হয়ে উঠেছে। তাই এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আর সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সোমবার (২৮ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশটির সরকারকে সামরিক বাহিনী একটি সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সতর্ক করেছে। তবে কী কারণে একটি হামলা অত্যাসন্ন বলে মনে করছেন, তা জানাননি খাজা আসিফ।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমাদের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি এলে তবেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে।”
পরে সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। কারণ, দ্রুতই যুদ্ধ শুরু হতে পারে।” তবে পরে এ মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “তারা (চ্যানেল) আমাকে জিজ্ঞাসা করেছিল, যুদ্ধের আশঙ্কা কতটুকু। আমি বলেছি, আগামী দুই-তিন দিন খুব গুরুত্বপূর্ণ। যদি কিছু ঘটে, তবে আগামী দুই থেকে চার দিনের মধ্যেই ঘটবে…অন্যথায় তাৎক্ষণিক বিপদ কেটে যাবে।”
যুদ্ধের আশঙ্কা পুনর্ব্যক্ত করে খাজা আসিফ বলেন, “এ পরিস্থিতি এড়িয়ে যাওয়াও সম্ভব। কারণ, এ অঞ্চলের অন্যান্য দেশও উত্তেজনা কমানোর জন্য কাজ করছে।”



