Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসরায়েলি হামলায় ইরানের দুই পরমাণুবিজ্ঞানী নিহত

ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৯:৫৫ এএম

ইসরায়েলি হামলায় ইরানের দুই পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) পারস্য উপসাগরীয় দেশটির পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরানের পরমাণু জ্বালানি সংস্থার (এইওআই) সাবেক প্রধান ফিরেদুন আব্বাসি ও তেহরানের ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মেহদি তেরাঞ্চি এই হামলায় প্রাণ হারিয়েছেন।

দেশটির পরমাণু স্থাপনাগুলোর দেখভাল করে থাকে পরমাণু শক্তি সংস্থা (এইওআই)। আব্বাসিকে এর আগেও একবার হত্যার চেষ্টা করা হয়। ২০১০ সালের ওই হামলা থেকে বেঁচে গিয়েছিলেন তিনি। তবে ১৫ বছর পর এসে আরেক হামলায় প্রাণ হারাতে হলো এই বিজ্ঞানীকে।

শুক্রবার (১৩ জুন) ইরানের সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নাতানজসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে।

এ হামলার চূড়ান্ত জবাব দেওয়া হবে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে দাবি করা হয়েছে।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, নাতানজ পরমাণু স্থাপনার আংশিক ভূ-উপরিভাগে, কিছুটা ভূ-গভীর অবস্থিত। পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে সেখানে ইউরেনিয়াম গ্যাস ঘূর্ণনের জন্য একাধিক সেন্ট্রিফিউজ হল রয়েছে।

ইরানীয় কমান্ডার ও ক্ষেপণাস্ত্র কারখানাকেও হামলার নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এই হামলার নাম দেওয়া হয়েছে ‘‘রাইজিং লায়ন’’ বা জেগে ওঠা সিংহ।

এদিকে পাল্টা হামলার আশঙ্কা থেকে ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

একটি ধারণকৃত ভিডিওবার্তায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘‘আমরা ইসরায়েলের ইতিহাসের এক চূড়ান্ত মুহূর্তে রয়েছি।’’

পরমাণু বোমা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও নাতানজ পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনায় কাজ করা বিজ্ঞানীদেরও হামলার নিশানা বানিয়েছে ইসরায়েল।

নাতানজ থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সতর্ক।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘‘দেশটির শীর্ষ নেতারা একটি নিরাপত্তা বৈঠকে মিলিত হয়েছেন।’’

   

About

Popular Links

x