ঢাকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৪।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি ছিলেন- নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, ইসলামি স্কলার প্রফেসর মোক্তার আহমাদ, প্রফেসর ডা. এমএ মুকিত, তানভীর রাহমান, এভেরোজ স্কুলের পরিচালক গোলাম মোস্তফা, ক্যামব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা, পিয়ারসন পিএলসির রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আব্দুল্লাহ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক টম, ক্যামব্রিজ ইউনিভারসিটি প্রেস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কাজী নাহিয়ান, ক্যামব্রিজ এসেসমেন্ট ইংলিশ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কায়েস উদ্দিন আহমেদ এবং এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটির সব সদস্য ও অন্যান্য আমন্ত্রিতরা।
সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্কুলটির ফাউন্ডার চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান। পুরো অনুষ্ঠানটি পরিকল্পনা, ব্যবস্থাপনা ও পরিচালনা করেন স্কুলটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রিন্সিপাল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ।
পূর্ব ঘোষণা অনুযায়ী স্কুল এর লালমাটিয়া ক্যাম্পাসের প্রায় তিন হাজার শিক্ষার্থী ৩৮০টি খেলায় অংশগ্রহণ করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে প্রতি বছরের মতো এবারেও এভেরোজ পরিবারের ৮২ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে স্কুলের সার্বিক পরিস্থিতি এবং অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিবৃতি দেন।
বিদ্যালয়ের প্রধান নির্বাহী ও প্রিন্সিপাল তার বক্তব্যে বলেন, স্কুলটি ঢাকা শিক্ষা বোর্ডের পাশাপাশি ক্যামব্রিজ ও এডেক্সসেল সার্টিফাইড স্কুল। এছাড়া ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিকাশের লক্ষ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য হিফজুল কুরআন বিভাগ রয়েছে।
বর্তমানে এই বিদ্যালয়ের তিনটি শাখায় চার হাজার শিক্ষার্থী দেশ ও বিদেশের বিভিন্ন ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি উপযোগী সব কারিকুলামের এবং সুযোগ পাচ্ছেন যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে খোলা হয়েছে বিশ্ব ইসলামিক ইউনিভার্সিটি ভর্তি সেল/ডিপার্টমেন্ট। বিশ্বের সব নামকরা ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ, পার্টনারশিপ, রিকগনিশন, ভর্তি ইত্যাদি নিয়ে কাজ করছে এই বিশ্ব ইসলামিক ইউনিভারসিটি ভর্তি সেল/ডিপার্টমেন্ট।



