ফরিদপুরের ভাঙ্গায় তিন দিনব্যাপী “ভূমি মেলা ২০২৫”-এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান।
মেলার উদ্বোধনী বক্তব্যে ভূমি সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে ই-নামজারি, খতিয়ান সংশোধনী, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খাস জমি বন্দোবস্তসহ বিভিন্ন ভূমি সেবার বিষয়ে আলোচনা করা হয়।
ভূমি সংক্রান্ত যেকোনো সেবায় নাগরিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর, জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে এই ভূমি মেলা উদযাপিত হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) মিশকাতুল জান্নাত রাবেয়া বলেন, “ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে সব ধরনের সেবা অটোমোশনের মধ্যে নিয়ে গেছে। জনগণ চাইলে নিজের ঘরে বসে নিজেই করতে পারবে। আপনাদের অনেক সময় না জানার কারণে সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য আমাদের কাছে এলে সমস্যার সমাধান জানতে পারবেন।”
এসময় উপস্থিত ছিলেন- থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, নির্বাচন অফিসার মো. হাচেন উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমি কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষার্থী প্রমুখ।



