Wednesday, June 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইনের চোখে যৌতুক আর উপহারের পার্থক্য

পৃথিবীর অনেক দেশেই যৌতুককে ‘উপহার’ হিসেবে আখ্যায়িত করা হয়

আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:৪১ পিএম

এশিয়া মহাদেশে যৌতুক প্রথার প্রচলন বহুদিন ধরেই। অনেক দেশেই যৌতুককে ‘উপহার’ হিসেবে আখ্যায়িত করা হয়। ইতিহাস ঘাটলে দেখা যায়, আমাদের এই উপমহাদেশে শুরু থেকেই ‘উপহার’ প্রথার ব্যবহার আছে। আগে প্রভাবশালী বিত্তবানদের মধ্যে এর ব্যবহার বেশি দেখা যেত। তবে এখন সবাই ‘উপহার’ প্রথায় আগ্রহী হয়ে উঠছে। 

আমাদের সমাজে বিয়ের আদান-প্রদান বা লেনদেনের বিষয়টি নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে থাকে। অনেক সময় দেখা যায়, মনের সুখে দেওয়া উপহারকেও পরবর্তীতে যৌতুক বলে মামলা করে দেওয়া হচ্ছে, আবার অন্যদিকে ‘উপহারের’ মোড়কে জোর করে যৌতুক আদায় করা হচ্ছে। 

আইনের চোখে যৌতুক এবং উপহারের আসল পার্থক্যটা খুব সহজ ভাষায় তুলে ধরেছেন আইন বিষয়ক লেখক ও ফ্যামিলি কনসালটেন্ট অ্যাডভোকেট মমিনুল আলম রাসেল। 

আইনের চোখে যৌতুক কী?

যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ২(১) ধারা অনুযায়ী, যৌতুক হলো সেই সম্পত্তি বা মূল্যবান জামানত, যা বিয়ের পণ হিসেবে এক পক্ষ অন্য পক্ষের কাছে সরাসরি দাবি করে। 

যদি বিয়ের শর্ত হিসেবে, তা বিয়ে বহাল থাকার আগে, বিয়ের সময় বা বিয়ের পরে যেকোনো সময়, কোনো কিছু দাবি করা হয় এবং তা দিতে বাধ্য করা হয়, সেটাই আইনত যৌতুক। 

‘উপহার’ এবং ‘যৌতুকের’ পার্থক্য?

আইন কিন্তু বিয়ের স্বাভাবিক আনন্দ বা উপহার দেওয়াকে নিষিদ্ধ করে না। পার্থক্যটা লুকিয়ে আছে তিনটি জায়গায়-  

১. দাবি বনাম স্বেচ্ছায় দান 
বর বা কনেপক্ষ যদি কোনো রকম চাপ বা শর্ত ছাড়া, সম্পূর্ণ নিজের ইচ্ছায় আনন্দ মনে কিছু দেয়, তবে তা উপহার। কিন্তু যদি বলা হয়, “মোটরসাইকেল বা আসবাবপত্র না দিলে বিয়ে হবে না” কিংবা “সংসার করতে হলে টাকা দিতে হবে” তবে সেটাই যৌতুক। 

২. বিয়ের শর্ত 
উপহার কখনো বিয়ের শর্ত হয় না। কিন্তু যৌতুক হলো বিয়ের একটি অবৈধ চুক্তি বা শর্ত।

৩. মুসলমান পারিবারিক আইনের দেনমোহর 
মনে রাখবেন, কনের ধর্মীয় অধিকার অনুযায়ী বরপক্ষ থেকে যে ‘দেনমোহর’ বা ‘যৌতুক বাদে অন্যান্য সামগ্রী’ (যেমন কনেকে দেওয়া বিয়ের গহনা) দেওয়া হয়, তা কখনোই যৌতুক নয়।

আইনি সতর্কতা
যৌতুক নিরোধ আইনের ৩ ও ৪ ধারা অনুযায়ী, যৌতুক দেওয়া, নেওয়া বা যৌতুকের দাবি করা, সবই সমান অপরাধ। এর শাস্তি সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা। 

তাই বিয়ের আসরে বা বৈবাহিক জীবনে যেকোনো লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন। সামাজিক সম্মান রক্ষার্থে এবং আইনি জটিলতা থেকে বাঁচতে উপহার আর যৌতুকের পার্থক্য সবার জানা থাকা উচিত। 

   

About

Popular Links

x