ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আঞ্চলিক আর্ট ও চলচ্চিত্র উৎসব “রিইনকারনেট-৩”। এর আয়োজক বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি (বন্ধু)।
বুধবার (১৮ জানুয়ারি) থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবে দক্ষিণ এশীয় অঞ্চলের ৬টি দেশের ট্রান্সজেন্ডার ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী নিয়ে নির্মিত ২৫টি চলচ্চিত্র এবং তথ্যচিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি ২৫টি শিল্পকর্মের একটি প্রদর্শনী মিলনায়তনের গ্যালারিতে তিন দিনব্যাপী চলবে।
বুধবার বিকেল ৪টায় রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসিরুদ্দীন ইউসুফ, পুলিশের অতিরিক্ত আইজি হাবিবুর রহমান, বাংলাদেশ অবস্থিত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেব, ইউএনএইডস বাংলাদেশের পরিচালক ডা. সায়মা খান।
উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যনাট্য পরিবেশন করবে ট্রাসজেন্ডার ও তৃতীয় লিঙ্গের নৃত্যশিল্পীদের নিয়ে গঠিত বন্ধু'র সাংস্কৃতিক দল ‘‘সত্তা''। নৃত্যনাট্যটি কোরিওগ্রাফি করেছেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নিপা।



