বাংলা সিনেমার মতো ঘটনা। বাংলা সিনেমায় যেমনটা দেখা যেতো, নায়ক কোনো আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছেন। এরপর সম্পূর্ণ নতুন জীবনযাপন। ফের আরেক আঘাতে ফিরে পান পুরোনো স্মৃতি। আর মাঝখানের জীবনের স্মৃতিটুকু ভ্রষ্ট।
এমন গল্প-কাহিনী বাঙালি পাঠক-দর্শকদের হয়তো পরিচিত। তবে, বাস্তবেই এমন ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে। মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি তার ২৯ বছরের স্মৃতি হারিয়ে ফেলেছেন। তিনি ফিরে গেছেন ২৯ বছর আগে। সেই সময় ওই ব্যক্তির বিয়ে হয়েছিল। স্মৃতি হারিয়ে ফেলার পর ওই ব্যক্তি তার স্ত্রীকে আবারও বিয়েতে বসার জন্য অনুরোধ জানিয়েছেন।
ওই ব্যক্তির নাম অ্যান্ড্রু ম্যাকেঞ্জি এবং তার স্ত্রীর নাম ক্রিস্টি। ২০২১ সালের জুনে মার্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তারা।
এবিসি-৭ এর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দুর্ঘটনার শিকার হওয়া ওই দম্পতিকে তাৎক্ষণিক স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ম্যাকেঞ্জির ইনজুরি ছিল গুরুতর। অস্ত্রোপচারের তিন দিন পর জ্ঞান ফিরে পান ম্যাকেঞ্জি। তবে, তিনি বর্তমানে আর থাকতে পারেননি। তিনি ফিরে গেছেন ২৯ বছর আগের সময়ে। জ্ঞান ফিরে পাওয়ার পর তার মনে হয়েছে এটি ১৯৯৩ সাল। আর তার বিয়ে হওয়ার কথা। তিনি তার স্ত্রীকে ফের বিয়ের প্রস্তাব দেন।
এবিসি-৭ এর সঙ্গে সাক্ষাৎকারে ক্রিস্টি বলেছেন, “ম্যাকেঞ্জি জ্ঞান ফিরে পাওয়ার পর নিজের সন্তানদেরও চিনতে পারেননি। তিনি শুধু আমাকে বিয়ে করার কথা বলছিলেন। ম্যাকেঞ্জি বলেছিলেন, ‘আমার স্ত্রী কোথায়। আমার স্ত্রী কোথায়।' আমি ভেবেছিলাম, হয়তো দুর্ঘটনার কারণে আমার চিন্তা বেশি করেছেন ফলে আমার খোঁজ করেছেন। তবে তিনি সত্যিই স্মৃতি হারিয়ে ফেলেছেন।
চিকিৎসকরাও তার স্মৃতি ফেরার বিষয়ে তেমন অভয় দিতে পারেননি। পরে হাসপাতালের অনুমতি নিয়ে ক্রিস্টি তার স্বামীকে বাড়িতে নিয়ে আসেন। যেন তিনি তার স্বামীর স্মৃতি ফেরাতে পারেন।
ক্রিস্টি বলেন, ম্যাকেঞ্জির যখন জ্ঞান ফিরলো এটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের সংবাদ ছিল। তবে, আমরা সবাই বিস্মিত হয়েছি, তিনি সম্পূর্ণ এক নতুন মানুষ হয়ে গেছেন।
গত আগস্টে এই দম্পতি পরিবারসহ সৈকতে ছুটি কাটাতে গেছেন। সেখানে ম্যাকেঞ্জি দ্বিতীয়বার বিয়ের অনুরোধ জানালে তারা পুনরায় বিয়ের শপথ পাঠ করেন।



