Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিদেশি শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের নিতে পারবে না যুক্তরাজ্যে

নতুন আইন কার্যকর করেছে ব্রিটিশ সরকার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম

যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা এবং শিক্ষাগ্রহণ শেষে কাজের সুযোগ থাকলেও এখন থেকে বেশিরভাগ বিদেশি শিক্ষার্থীর পরিবারকে সেখানে নিয়ে যাওয়ার ওপর বিধিনিষেধ কার্যকর করেছে ব্রিটিশ সরকার। অভিবাসন সীমিত করার পদক্ষেপ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার।

“ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে” সরকারের জোর প্রচেষ্টার অংশ হিসেবে গত বছরের মে মাসে এ পরিবর্তনের কথা ঘোষণা করে ব্রিটিশ সরকার। যা এ বছর থেকে কার্যকর করা শুরু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, চলমান জানুয়ারি মাস থেকে শিক্ষাক্রম শুরু করা আন্তর্জাতিক শিক্ষার্থীরা তার ওপর নির্ভরশীল সদস্যদের যুক্তরাজ্যে নিয়ে যেতে পারবেন না। তবে স্নাতকোত্তর গবেষণা কোর্স করা বা সরকারের অনুদানের বৃত্তি পেয়ে কোর্স করা শিক্ষার্থীরা তাদের ওপর নির্ভরশীল সদস্যদের যুক্তরাজ্যে নিয়ে যেতে পারবেন।

নতুন এই নিয়মের ফলে প্রতিবছর প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের যুক্তরাজ্যে আসা কমবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভার এক সদস্য।

জানা গেছে, ২০২২ সালে ৪ লাখ ৮৬ হাজার শিক্ষার্থী ভিসা (স্টুডেন্ট ভিসা) দিয়েছিল যুক্তরাজ্য। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৬৯ হাজার। ২০২৩ সালে শিক্ষার্থীদের নির্ভরশীলদের জন্য ভিসা ইস্যু করা হয়েছিল ১ লাখ ৩৬ হাজার, ২০১৯ সালে ছিল ১৬ হাজার। এই কয়েক বছরে শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল সদস্যদের জন্য ভিসা ইস্যুর পরিমাণ বেড়েছে আট গুণ।

এদিকে বিবিসি জানিয়েছে, ২০২৩ সালে নৌকায় করে অবৈধভাবে ২৯ হাজার ৪৩৭ জন অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে গেছেন। যা আগের বছরের তুলনায় প্রায় ৩৬% কম। ২০২২ সালে রেকর্ড ৪৫ হাজার ৭৭৫ জন অভিবাসনপ্রত্যাশীর ছোট নৌকায় করে ইংল্যান্ডের দক্ষিণের সমুদ্রসৈকতগুলোয় যাওয়ার বিষয়টি শনাক্ত হয়েছিল। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শীর্ষ পাঁচটি অগ্রাধিকারের একটি হলো নৌকায় করে দেশটিতে অবৈধ অভিবাসীর প্রবেশ থামানো।

   

About

Popular Links

x