Thursday, July 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৯টির মধ্যে ১২টিতে একমত, জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি

ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপিকে এখনও দাওয়াত দেওয়া হয়নি বলে জানান সালাহউদ্দিন

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৪:৩৮ পিএম

বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (৪ আগস্ট) রাজধানী ঢাকার গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ‘‘জুলাই সনদ হাতে পাওয়ার পরই বিএনপি ৩০ তারিখে কিছু সংশোধনীসহ জবাব দিয়েছে। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। ঘোষণাপত্রে যেসব প্রস্তাব ছিল, সেগুলোর জবাব ফেব্রুয়ারিতেই দিয়েছে বিএনপি। ওই প্রস্তাবে ২৬ মার্চকে উপস্থাপন করা হয়নি, এতে দলটি দ্বিমত পোষণ করেছে। পাশাপাশি রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে প্রদানের বিষয়টিও উল্লেখ করা হয়।”

ঘোষণাপত্রের যে সংশোধনী বিএনপি দিয়েছে, তা যদি গ্রহণ না করা হয়, তাহলে দলটি সনদ পাঠের পর প্রতিক্রিয়া জানাবে বলেও জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘‘সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে বলছেন বিএনপি নাকি সহযোগিতা করছে না, কিংবা নিশ্চয়তা না পেলে সই করবে না। কিন্তু বাস্তবতা হলো, বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। আমরা ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানাই।”

এসময় তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ১২টি বিষয়ে বিএনপি একমত হয়েছে এবং ৭টিতে ‘‘নোট অব ডিসেন্ট’’ দিয়েছে।

এদিকে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানিয়েছে প্রেস উইং। ঘোষণাপত্র পাঠসহ দিনব্যাপী কর্মসূচিও রাখা হয়েছে।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘‘মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ওই অনুষ্ঠানে এখনও বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি।’’

   

About

Popular Links

x