Thursday, July 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

সালাহউদ্দিন: নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো নির্বাচনেও দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০২:৩২ পিএম

যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে নির্বাচন বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য সংকল্পবদ্ধ। যারা এর বিপক্ষে বক্তব্য দেবে, কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের যাত্রাপথকে কণ্টাকাকীর্ণ করতে চাইবে, তাদের বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। তাদের প্রত্যাশা, বাংলাদেশের জনগণ ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের পথে যেকোনো বাধাকে অতিক্রম করতে সংকল্পবদ্ধ।’’

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো নির্বাচন বিষয়েও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘‘আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে, একই রকম ঐক্য নিয়ে আসুন আগামী নির্বাচনের জন্য। আমরা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারি, সেইভাবে ঐক্যবদ্ধ থাকি। আলাপ-আলোচনা করি ও গণতান্ত্রিক উত্তরণকে সহজ করি।’’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ‘‘খালেদা জিয়া একটি নাম, একটি ইতিহাস। স্বাধীনতাযুদ্ধের সময় তিনি দুই শিশুসন্তানকে নিয়ে বন্দিত্ব বরণ করেছেন। জিয়াউর রহমানের শাহাদাতবরণের পর স্বৈরাচারী সামরিক সরকারের সময়ে দীর্ঘ ৯ বছরের আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি আপসহীন দেশনেত্রী উপাধিতে ভূষিত হয়েছেন। স্বৈরাচারকে হটিয়েছেন, দেশে পুনর্বার গণতন্ত্র নির্মাণ করেছেন এবং সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। জনতার দাবির পরিপ্রেক্ষিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে প্রবর্তন করেছেন। এভাবে তিনি জীবনের চড়াই-উতরাই পেরিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আজও দেশের মানুষের জন্য আলোর দিশারি হয়ে বেঁচে আছেন।’’

   

About

Popular Links

x