জোট গঠনের বিষয়ে কয়েকটি ইসলামি ঘরানার দলের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “তবে এসব বিষয় এখনো চূড়ান্ত নয়।”
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “জামায়াতের সঙ্গে জোট করার সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাদের সঙ্গে জোট হতে পারে, আগামীর সরকারেও তারা থাকতে পারে।”
ফেব্রুয়ারিতে রমজান শুরুর এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে রমজান শুরুর এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সংশয় নেই। যারা বাহানা দিয়ে নির্বাচন বয়কট করবে, তারা মাইনাস হয়ে যাবে।”
তিনি বলেন, “দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে। যারাই নির্বাচনের বিপক্ষে কথা বলবে, তারাই মাইনাস হয়ে যাবে।”
সালাহউদ্দিন বলেন, “অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। সবার ঐকমত্যের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়কের বিষয়টি পুনর্বহাল হওয়ার পরে পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। এই সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা করছি। অন্য কিছু ভাবার অবকাশ নেই।”
জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “সনদের অঙ্গীকারনামার কিছু বিষয় অযৌক্তিক মনে করেছে বিএনপি। বিকল্প প্রস্তাব ঐকমত্য কমিশনের আলোচনার সময় দেওয়া হবে। সংবিধানের ওপরে স্থান পায়- এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা করছি।”



