রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে তিন ছাত্রীকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে কলেজের সুফিয়া কামাল ছাত্রীনিবাসের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভ শুরু করেন তারা, যা রাত ১২টা পর্যন্ত চলতে থাকে।
জানা যায়, ৩ মে ছাত্রীনিবাসে ছাত্রদলের ১১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। পরে তাদের প্রতিবাদের মুখে ওই কমিটি প্রত্যাহার করা হয়। তবে পরবর্তীতে কলেজ প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এবং একই সঙ্গে তিন শিক্ষার্থীর হলের সিট বাতিল করে।
শিক্ষার্থীদের অভিযোগ, কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত ছাত্রীরা দাবি করেছেন, নোটিশে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের আরও অভিযোগ, তদন্ত কমিটির কথা উল্লেখ থাকলেও বাস্তবে তাদের সঙ্গে কোনো ধরনের কথা বলা হয়নি।
বিক্ষোভরত ছাত্রীরা স্পষ্টভাবে জানান, ছাত্রীনিবাসে কোনো ধরনের ছাত্ররাজনীতি তারা চান না। বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে, বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



