জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মহাসমাবেশের প্রস্তুতির পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে আগামী ৫ আগস্টের মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও করণীয় নির্ধারণ করা হয়। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলনকে ঘিরে জোটের পরবর্তী কর্মসূচি নিয়েও আলোচনা হয়।
বৈঠকে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান জোটের নেতারা।
সভায় সভাপতিত্ব করেন ১০ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী এবং লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার।
জোটের নেতারা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।



