Monday, September 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৮

এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ এএম

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় আটজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

এরআগে দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) সামনের এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া (২৪), মিছিলে লোক সংগ্রহকারী মো. রিয়াদ (১৮), মো. সোয়াদ (১৮), মো. মাসুম (১৮), সাভার কলেজের শিক্ষার্থী মো. জিন্নাত (১৯), গার্মেন্টস কর্মী ইসমাইল হোসেন (২০), মোজার ফ্যাক্টরি কর্মী মো. তামিম সিকদার (১৮) এবং জুতার দোকানের বিক্রয় কর্মী মো. সাকিন ইসলাম (১৮)। আটককৃতরা সাভার ও আশুলিয়া এলাকার বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, রবিবার বেলা ১টার দিকে সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) সামনের ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় অর্ধ শতাধিকের একটি দল ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করে তারা। মিছিল চলাকালে মহাসড়কের পাশে একটি ককটেল ফুটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ সাইদুর ইসলাম বলেন, “মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা এই ঝটিকা মিছিল বের করেছিল। এ সময় তারা সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছিল। পরে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে।”

এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

   

About

Popular Links

x