Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

জামিন পেয়ে আইভী বললেন, 'জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’

এসময় আদালতের সশরীরে হাজির ছিলেন আইভী

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনটির সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই জামিন মঞ্জুর করেন। 

এসময় আদালতের সশরীরে হাজির ছিলেন আইভী।

জামিন শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’ উল্লেখ করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায় তাকে।

আসামিপক্ষের আইনজীবি আওলাদ হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, “সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিলো। আমরা আদালতে পুর্নজামিনের আবেদন করি। আদালত আইভীর আবেদন মঞ্জুর করেছেন।”

তিনি আরও বলেন, “মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। চূড়ান্ত প্রতিবেদনে আইভীর সম্পৃক্ততা পায়নি তদন্ত কর্মকর্তারা। এ কারণে  রাষ্ট্রপক্ষের আইনজীবী নারাজি দিবেন বলে জানিয়েছেন।”

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির ঢাকা ট্রিবিউনকে বলেন, “এই মামলায় আমরা নারাজী দিবো। মামলার চূড়ান্ত প্রতিবেদনে আমরা সন্তুষ্ট না।” 

আইভীর জামিনের বিষয় জানতে চাইলে তিনি বলেন, “কোর্ট বদলি হলে আসামিকে পুর্নজামিন চাইতে হয়। সে হিসেবে আইভীর পুর্নজামিন আবেদন করা হলে আদালত তাকে জামিন দিয়েছে।”

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম সড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডাচ বাংলা ব্যাকের সামনে গুলিতে নিহত হন রিক্সাচালক তুহিন। 

এ ঘটনায় নিহত তুহিনের স্ত্রী আলেয়া আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ১৩ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। 
মামলাটিতে এজাহারনামীয় মোট আসামি ৯৯ জন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় এজহারভুক্ত ১১ নম্বর আসামি করা হয় সাবেক মেয়র আইভীকে। 

   

About

Popular Links

x