কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবারও আ ক ম বাহাউদ্দীন বাহারকে সভাপতি ও আরফানুল হক রিফাতকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (০৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার টাউন হল মাঠে আয়োজিত সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
বাহার কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য এবং আরফানুল হক রিফাত কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি করে তা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করেছেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
প্রধান বক্তা ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন।
এর আগে ২০১৭ সালের ২২ জুলাই মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয় সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারকে আর সাধারণ সম্পাদক করা হয় বর্তমান মেয়র আরফানুল হক রিফাতকে।



