ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সংযোগকারী পদ্মা ও বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের পরিমাণ দেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনে হয়েছে, “দেশের মানুষের মনে আনন্দ আছে, তারা পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করেছেন।”
তিনি জানান, ঈদের আগের দিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৬০ লাখ টাকা। বঙ্গবন্ধু সেতুতে সেদিন টোল আদায় হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা।
রবিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনার হারও কম হয়েছে এখন পর্যন্ত। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কিছু কিছু জায়গায় যানবাহনের ধীরগতি ছিল। তবে সার্বিকভাবে ঈদযাত্রায় ভোগান্তি কম হয়েছে। ভবিষ্যতে আরও বেশি সমন্বিত উদ্যোগ নিলে এসব সমস্যা আরও কাটানো যাবে।”
এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, “সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেকে কথা বলছে। আমরা কথা শুনছি, কথা আমরা শুনব এবং পরামর্শও নেব। কিন্তু আমরা কারো নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকব, সেটি ভাবার কারণ নেই। কারো প্রেসক্রিপশনে নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।”
তিনি বলেন, “অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। কথা শুনব, কথা বিনিময় হবে। কিন্তু নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।”
বাংলাদেশের বিরোধী দলের ব্যর্থতার সীমা নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “শুনেছি তারা ৩৬ দলের রূপরেখা একদফা আন্দোলন করবে। সেটি এখনো শুরু হয়নি। শুরু হতে হতে কত দল এখান থেকে কেটে পড়ে সেটা দেখার বিষয়। কত দল শেষ পর্যন্ত থাকে সেটি দেখার বিষয়। আমরা খবর পেয়েছি, ৩৬ পার্টির মধ্যে দরকষাকষি চলছে ক্ষমতার ভাগাভাগিতে কে কি পাবে।”



