সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির এই মহাসমাবেশকে পিকনিক বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেছেন, “বিএনপির সমাবেশ হলো একটা পিকনিক, বিরিয়ানি খেতে তারা জনসভায় সমবেত হয়। ২৮ তারিখে একটা বড় পিকনিক করতে চান ওনারা। আমরা পিকনিক থেকে ওদের বুড়িগঙ্গায় নৌকা বাইচে পাঠিয়ে দেব।”
শনিবার (২১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “দেশটা যখন এগিয়ে যাচ্ছে তখন দেশের ওপর শকুনের দৃষ্টি পড়েছে। সেই শকুনের সহযোগী হয়ে দাঁড়িয়েছে রাজনীতির কাকেরা। জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে বিএনপি নামক দল গঠন করেছিলেন। তিনি যখন উচ্ছিষ্ট বিলালেন তখন বিভিন্ন দলের নেতারা গিয়ে উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য জড়ো হলেন, ওরা রাজনীতির কাক। বিদেশি শকুনের দৃষ্টি যখন দেশের ওপর পড়েছে তখন রাজনীতির কাকেরা তাদের সহযোগী হয়ে দাঁড়িয়েছে। এই শকুন আর রাজনীতির কাকের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী ২৮ তারিখ নাকি বিএনপি সরকারের পতনযাত্রা শুরু করবে। গত বছরের ১০ ডিসেম্বর নয়াপল্টন অফিসের সামনে থেকেও সরকারের পতনযাত্রা শুরু করতে চেয়েছিল, সেটি গোলাপবাগের গরুরহাটে গিয়ে মারা পড়েছিল। এবারও সরকারের পতনযাত্রা শুরু করতে গিয়ে বিএনপি নিজেদের পতনযাত্রা শুরু করবে। সরকারের বিরুদ্ধে বিএনপির পতনযাত্রা যমুনা কিংবা বুড়িগঙ্গা নদীতে গিয়ে ডুবে যাবে। আর চট্টগ্রামে করলে কর্ণফুলী নদী কিংবা বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া হবে।”
হাছান মাহমুদ বলেন, “আওয়ামী লীগ জনতা ও রাজপথের দল। আওয়ামী লীগের জন্মই হয়েছে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য। ২১ বছর বুকে পাথর বেঁধে বিরোধী দলে থেকে স্বৈরশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমরা জানি রাজপথে কীভাবে মোকাবিলা করতে হয়। যারা বোরকা পরে হাইকোর্টে জামিন নিতে হাজির হন আবার কারও ভেলকিতে গর্তে ঢুকে যান। তারা কতটুকু আন্দোলন করবেন আমরা জানি।”
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিষয়ে বিএনপি চুপ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “বিএনপি দেশ পরিচালনার স্বপ্ন দেখে। যখন মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, শকুনরা (যুক্তরাষ্ট্র) নাখোশ হতে পারে সেই ভাবনায় তারা কোনো কথা বলে না। ওরা আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।”
তিনি বলেন, “মানবতার বিরুদ্ধে যখন অপরাধ সংঘটিত হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব প্রতিবাদ জানায়। তখনো বিএনপি নিশ্চুপ থাকে। দেশের সমস্ত সম্পদ শকুনরা লুট করে নিলেও তারা নিশ্চুপ থাকবে। এদের হাতে দেশটাকে তুলে দেওয়া যাবে না।”



