দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
নিয়মানুযায়ী নির্বাচনী হলফনামায় নিজের আয়-ব্যয় ও সম্পদের বিবরণীও তুলে ধরেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত এই মুখ।
হলফনামানুযায়ী ব্যারিস্টার সুমনের আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণ বেশি ঋণের পরিমাণ। স্থাবর-অস্থাবর মিলিয়ে তিনি ২৬ লাখ টাকার মালিক হলেও ৫০ লাখ টাকা ব্যাংকঋণ রয়েছে।
হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা দেখানো হয়েছে স্নাতকোত্তর। হলফনামা অনুযায়ী, সুমনের আয়ের একমাত্র উৎস আইন পেশা। এ পেশা থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ৫০ হাজার টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে ১৮ লাখ ৪১ হাজার টাকার সম্পদের মালিক সুমন। এর মধ্যে নগদ টাকা রয়েছে ১১ লাখ ৬১ হাজার, স্বর্ণ ও অন্যান্য অলংকার রয়েছে ৫ লাখ টাকার আর ইলেক্ট্রনিক সামগ্রী রয়েছে ১ লাখ ৬০ হাজার ও আসবাবপত্র রয়েছে ২০ হাজার টাকার। তবে তার অস্থাবর সম্পদের তালিকায় রয়েছে ৫০ লাখ টাকা ঋণ। পূবালী ব্যাংক লিমিটেড ৪০ লাখ ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড থেকে তিনি ১০ লাখ টাকা ঋণ নিয়েছেন।
ব্যারিস্টার সুমন প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। আওয়ামী লীগ তাকে মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।



