Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইনু: কারচুপির ভোটে হেরেছি, আশা করি প্রতিকার পাব

নির্বাচন নিয়ে জোট শরিকদের মধ্যে সৃষ্ট বিভ্রান্তি ও বিতর্ক নিষ্পত্তির কথাও বলেছেন সাবেক এই তথ্যমন্ত্রী

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসন থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ভোটে হেরে তিনি এই নির্বাচনকে “কারচুপি” বলে অভিহিত করেছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদ কার্যালয়ে নির্বাচন পরবর্তী সাংগঠনিক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি এমন মন্তব্য করেন।

ইনু বলেন, “আমি জনগণের রায়ে নয়, কারচুপির ভোটে পরাজিত হয়েছি। আশা করি, এটা সবাই তদন্ত করে দেখবেন এবং প্রতিকার করবেন।”
 
সারাদেশে ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, “কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মস্তান বাহিনী ভোটের সাত দিন আগে থেকে যে আতঙ্ক ছড়িয়েছে, সেটা বন্ধ করা সম্ভব হয়নি।”

তিনি বলেন, “ভোটের দিন ১৬১টি কেন্দ্রের (কুষ্টিয়া-২) মধ্যে ১৮টিতে অস্বাভাবিক ভোট প্রদান লক্ষ্য করা গেছে, যা কারচুপির মাধ্যমে করা হয়েছে। প্রতিবাদ এবং উপর্যুপরি বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনার পরেও প্রশাসনের কর্মকর্তারা কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।”

নির্বাচনের কোনো রাজনৈতিক প্রভাব জোটে পড়বে না উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, “তবে নির্বাচন নিয়ে জোটের শরিকদের মধ্যে যে বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা অবশ্যই নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে জোটের প্রার্থীর এলাকায় প্রতিদ্বন্দ্বী আওয়ামী স্বতন্ত্র প্রার্থীর গুন্ডাবাহিনীর যে আক্রমণ, হুমকি-ধমকি অত্যাচার শুরু হয়েছে, এটা অবশ্যই বন্ধ করতে হবে। তা না হলে জোটের অভ্যন্তরে সুষ্ঠু পরিবেশ থাকবে না।”

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে নৌকা প্রতীকে পরাজিত হয়েছেন ১৪ দলীয় মহাজোটের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট। ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। ট্রাক প্রতীকে নির্বাচন করা কামারুল মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

   

About

Popular Links

x