হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে সিসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২১ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করার সময় এ কথা জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, “বেগম জিয়া আগের মতোই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তিনি ভালো আছেন।”
বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনও খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে সাংবাদিকেদের জানান।
তিনিও খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ জানান।
তিনি বলেন, "ম্যাডামের অবস্থা গত কয়েকদিন ধরে স্থিতিশীল রয়েছে। অবনতি হয়নি। চিকিৎসকরা ম্যাডামের স্বাস্থ্য সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।"
এর আগে, কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে কারফিউ পরিস্থিতির মধ্যে বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। যার ফলে দলটির কর্মী-সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।



