সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা।
বুধবার (৭ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে দাঁড়িয়ে তারা এ শপথ নেন। শপথবাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান।
এর আগে নেতা–কর্মীরা মাজার কমপ্লেক্সের মসজিদে জোহরের নামাজ শেষে আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ নসয় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, “আমরা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। জামায়াত-বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করছে, আমরা তা রুখে দেব।”
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহব উদ্দিন আজম বলেন, “আমরা যত দিন পর্যন্ত আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, তত দিন আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।”
এ সময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সিকদার নজরুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ মোজাম্মেল হক, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা চারবার ক্ষমতায় আসার পরও ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয় তাকে। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরের দেশের বিভিন্ন জায়গায় থানা, সরকারি অফিস ভবন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় মারা গেছেন বেশ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন। নিহত হয়েছে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী। বিভিন্ন স্থানে আটকও করা হয়েছে দলটির নেতাকর্মীদের।
পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে “পুলিশ অধস্থন কর্মচারী সংগঠন” ও “বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন”। থানায় হামলার ভয়াবহ পর বেশিরভাগ থানা ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা। এই পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শক’সহ (আইজিপি) ঊর্ধ্বতন পদে রদবদল আনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে অর্ন্তবর্তীকালীণ সরকার গঠনের। বৃহস্পতিবার এই সরকার শপথ নেবে।



শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি, বললেন জয়