সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন ও বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার ভোরে নওগাঁর মান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর আলম গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীরা ৩ আগস্ট গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ওইদিন থেকে তিনিসহ তার লোকজন আত্মগোপনে চলে যান। পরে জাহাঙ্গীর আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। তার কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এসব নানা অভিযোগে তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ শুক্রবার ভোরে নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে গ্রেপ্তার করে শনিবার গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা রয়েছে। এ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছেন।



