Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধানমন্ডি থানা থেকে তিন নেতাকে ছাড়ানোর ঘটনায় হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তারের পর হান্নান মুচলেকা দিয়ে নিজ জিম্মায় তাদের ছাড়িয়ে আনেন

আপডেট : ২১ মে ২০২৫, ০৯:৩৬ এএম

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে সোমবার রাতে থানা হেফাজতে নেওয়ার পর তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে সাইফুলসহ তিনজনকে থানা হেফাজত থেকে মুচলেকা দিয়ে নিজ জিম্মায় ছাড়িয়ে আনেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে এনসিপি। তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (২১ মে) সকালে এনসিপির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা নোটিশ প্রকাশ করা হয়।

আব্দুল হান্নান মাসউদের থানায় যাওয়া ও তিনজনকে ছাড়িয়ে আনার বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে এবং সমালোচনার সৃষ্টি হয়।

নোটিশে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় ‘‘সমন্বয়ক’’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজন ব্যক্তিকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক উক্ত তিনজনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্থলনজনিত কারণে অব্যাহতি প্রদান করা হয়। এতদ্বসত্ত্বেও আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন।

এতে আরও বলা হয়েছে, এ ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

এদিকে পুলিশের ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “বিকেল ৪টার দিকে এনসিপি নেতা হান্নান মাসউদের অনুরোধে তার জিম্মায় তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তারা এ ধরনের কাজে জড়িত হবেন না, এই মর্মে মুচলেকা দিয়েছেন।”

এর আগে সোমবার রাতে ধানমন্ডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে সাইফুলসহ কয়েকজন পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে, ঘটনাটি ছিল ধানমন্ডির ৪ নম্বর সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা। এরপর পুলিশ ওই তিনজনকে থানা হেফাজতে নেয়।

বিশৃঙ্খলায় জড়িত ব্যক্তিদের থানা থেকে ছাড়িয়ে নিতে আসার বিষয়ে হান্নান মাসউদ বলেন, ‘‘একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। সেই ভুল-বোঝাবুঝিটা নিরসন করতে আসছি। বাইরের বিভিন্ন গোষ্ঠী এটার সঙ্গে জড়িত আছে, আমরা যেটা দেখছি। মানে, আমাদের মানুষগুলোকে ব্যবহার করার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায়।’’

সোমবারের রাতের ওই ঘটনা সম্পর্কে পুলিশের ধানমন্ডি অঞ্চলের এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “একজন প্রকাশককে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার বাসায় কিছু লোক ঢোকার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। পরে ওই ব্যক্তিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে ওই প্রকাশককে গ্রেপ্তার করতে বলেন। কিন্তু ওই প্রকাশকের বিরুদ্ধে কোনো মামলা নেই। এ কারণে তাকে গ্রেপ্তারে অপারগতা প্রকাশ করে পুলিশ।”

তিনি আরও বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ধারীরা অজ্ঞাতনামা হিসেবে প্রকাশককে গ্রেপ্তারের জন্য পুলিশকে চাপ দেন। কিন্তু সুনির্দিষ্ট তথ্য ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না জানালে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। আবাসিক এলাকায় বিশৃঙ্খলা হতে পারে- এমন বিবেচনায় তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছিল।”

হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ

   

About

Popular Links

x