Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইশরাককে মেয়র পদে শপথ না পড়াতে রিট

নির্বাচনি ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্টের নির্দেশ প্রার্থনা করা হয়েছে

আপডেট : ১৫ মে ২০২৫, ০৯:৫৫ এএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এছাড়া নির্বাচনি ট্রাইব্যুনালের বিরুদ্ধে রায় ঘোষণায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগ করে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

আগামী সপ্তাহে রিটটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে মেয়র পদে ইশরাককে শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনি ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্টের নির্দেশ প্রার্থনা করা হয়েছে।

এর আগে গত ২৭ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনি ট্রাইব্যুনালের দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান ঢাকার দুই বাসিন্দা।

নোটিশে মো. ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকতেও বলা হয়। কিন্তু ওইদিন রাতেই ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট জারি প্রকাশ করে নির্বাচন কমিশন।

জানা গেছে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। এ বছরের ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন (ইসি)। পরে ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

এদিকে, নির্বাচনি ট্রাইব্যুনালে জয়ী হয়ে এবং নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ সত্ত্বেও ইশরাক হোসেনকে এখনও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি— এমন অভিযোগে তার সমর্থকরা বুধবার সকালে নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন।

   

About

Popular Links

x