Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মির্জা আব্বাস: একজনই দেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান না

তিনি বলেন, জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন, এই নির্বাচন কখনও বাংলাদেশে হবে না

আপডেট : ৩০ মে ২০২৫, ০২:৫৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেছেন, দেশের মাত্র একজন ব্যক্তিই ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন চান না।

শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “খুব দুঃখের সঙ্গে বলছি, মুহাম্মদ ইউনূস সাহেব জাপানে বসে বিএনপির বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে। তিনি বললেন, একটি দল নির্বাচন চায়।”

তিনি প্রধান উপদেষ্টার বক্তব্যর প্রতিক্রিয়ায় বলেন, “আর আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চান না, তিনি ড. ইউনূস। উনি নির্বাচন চান না।”

এর আগে, জাপানের টোকিওতে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা জনগণকে বলেছি, নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ জুনে অনুষ্ঠিত হবে।” দেশের সব রাজনৈতিক দল নয়, কেবল একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

মির্জা আব্বাস আরও বলেন, “বিএনপি বরাবরই নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনুস সাহেবই স্বয়ং বলেছেন। তারই প্রস্তাব ছিল এটা। পরবর্তীতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে।”

তিনি বলেন, “জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন, এই নির্বাচন কখনও বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে।”

জনগণ এই নির্বাচন আদায় করবে, নইলে এদেশের ভৌগলিক অখণ্ডতা ঠিক থাকবে না বলে মন্তব্য করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

সংস্কার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “আপনারা লক্ষ করেছেন সংস্কার সংস্কার করতে করতে বর্তমান সরকার বহু লোককে আমদানি করেছেন। আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে চাই, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু সংস্কার করেছেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু বিদেশ থেকে কোনো পরামর্শক আনেন নাই। এখন সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে, তারা নির্বাচন দিতে চান না।”

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে শেরেবাংলা নগরে মির্জা আব্বাসের নেতৃত্বে, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আসেন।

এছাড়া বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপস্থিত ছিলেন।

এসময় পুষ্পমাল্য অর্পণের পর প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন তারা।

এদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বৃষ্টির মধ্যে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সমাধিতে শ্রদ্ধা জানান। 

প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রাম সার্কিট হাউজে এক দল সৈন্যের গুলিতে নিহত হন প্রেসিডেন্ট জিয়া। বিএনপি দিনটি শাহাদাত দিবস হিসেবে পালন করে।

 

   

About

Popular Links

x