Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

ক্রাউড ফান্ডিংয়ে এখন পর্যন্ত কত টাকা অনুদান পেল এনসিপি

গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে ক্রাউড ফান্ডিং কার্যক্রম শুরু করে দলটি

আপডেট : ১১ জুন ২০২৫, ০৪:৩৭ পিএম

নিজেদের আর্থিক ও তহবিল পরিচালনার নীতিমালা তৈরি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সদ্য শুরু হওয়া এই ক্রাউডফান্ডিং উদ্যোগ ‘‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’’ ঈদের ছুটির মধ্যে বেশ সাড়া পেয়েছে। 

গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ৩,২৬৫ জন নাগরিক মিলিতভাবে মোট ১৩ লাখ ৮১,৮১০ টাকা অনুদান পাঠিয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ।

কোষাধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সংগৃহীত অনুদানের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার টাকা এনসিপির ওয়েবসাইটের মাধ্যমে, ৪ লাখ ৯৮,২১৪ টাকা সিটি ব্যাংকের মাধ্যমে এবং ১ লাখ ১৭,৫৯৬.৪১ টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে জমা পড়েছে।

সাইফ মোস্তাফিজ তার পোস্টে প্রবাসে বসবাসরত যেসব বাংলাদেশি এই ক্রাউডফান্ডিংয়ে অনুদান দেওয়ার জন্য যোগাযোগ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ফেসবুক পোস্টে এনসিপির এই নেতা আরও জানিয়েছেন, খুব শিগগিরই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রবাসীরাও এনসিপির ওয়েবসাইটে অনুদান পাঠাতে পারবেন।

এর আগে গত বুধবার (৪ জুন) বিকেলে রাজধানী ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউডফান্ডিং কার্যক্রমের ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।

এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানিয়েছেন, তারা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টি নিশ্চিত করতে চান। ওয়েবসাইটে গিয়ে ব্যাংকিং চ্যানেলে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি রসিদ সংগ্রহ করে এনসিপিকে আর্থিক অনুদান দেওয়া যাবে। তবে দলের কাউকে ব্যক্তিগতভাবে টাকা না দেওয়ার অনুরোধ জানিয়েছে এনসিপি।

   

About

Popular Links

x