বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘‘জিয়াউর রহমানের অনুকম্পায় দুয়েকটি ইসলামি দল রাজনীতি করার সুযোগ পেয়েছে। এখন আপনারা টার্গেট করেছেন তারেক রহমান ও বিএনপিকে। বুক পিঠ বলে আপনাদের কিছু নেই। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না, তাহলে আপনাদের নিজেদেরই ওপর অনেক কিছু নেমে আসবে।’’
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারদের সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘‘দেশে অনেক সংকট থাকার পরও ড. ইউনূস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি। কেননা এই সরকার শেখ হাসিনার মতো বিদেশে অর্থ পাচার করবে না।’’
ধর্মভিত্তিক দলগুলোর সমালোচনা করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘‘ইসলামের নাম নিয়ে কারা সুযোগসন্ধানী কাজ করবেন এটা মানুষ জানে। ইউটিউব, সামাজিক যোগাযোগমাধ্যমে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কারা আজেবাজে কথা ছড়াচ্ছে, এটা তারা জানেন। আমি দলের নেতা-কর্মীদের কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ‘‘আমরা গত ১৬ বছর লড়াই করেছি। ১৬ বছর ভোটাররা ভোট দিতে পারেননি। কিন্তু নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন? আমরা চাই দেশে আইনের শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, এটা জনগণের চাওয়া।”



