Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপের আগে বড় ধাক্কা ফ্রান্সের

চ্যাম্পিয়নস লিগ ম্যাচে গুরুতর চোট পেয়েছেন ফরোয়ার্ড হুগো একিতিকে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০২ পিএম

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরুর আর বেশি দেরি নেই। এরই মধ্যে বড় দুঃসংবাদ পেয়েছে ফ্রান্স জাতীয় ফুটবল দল। চ্যাম্পিয়নস লিগের এক গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুতর চোট পেয়েছেন তরুণ ফরোয়ার্ড হুগো একিতিকে, যা তার বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি করেছে অনিশ্চয়তা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে পিএসজি এর বিপক্ষে ম্যাচে খেলতে নেমে ইনজুরিতে পড়েন একিতিকে। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুল ২-০ গোলে হেরে বিদায় নিলেও দলের জন্য বড় ক্ষতি হয়ে দাঁড়ায় এই ফরোয়ার্ডের চোট।

ম্যাচের এক পর্যায়ে গুরুতর আঘাত পেয়ে মাঠে লুটিয়ে পড়েন ২৩ বছর বয়সী এই ফুটবলার। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সে সময় ব্যথায় কাতরাতে কাতরাতে নিজের গোড়ালির দিকে ইশারা করছিলেন তিনি, যা বড় ধরনের ইনজুরির আশঙ্কা আরও জোরালো করে।

ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, “হুগোর অবস্থা ভালো মনে হচ্ছে না। এখনই নিশ্চিত কিছু বলা কঠিন, তবে পরিস্থিতি ইতিবাচক নয়।” তিনি আরও জানান, বিরতির সময় বা ম্যাচ শেষে একিতিকের সঙ্গে তার আর দেখা হয়নি।

গত জুলাইয়ে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ৬৯ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন একিতিকে। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই ছিলেন দারুণ ফর্মে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইতোমধ্যে ১৭টি গোল করেছেন তিনি।

১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণভাগের অন্যতম ভরসা হিসেবে বিবেচনা করা হচ্ছিল তাকে। তবে এই চোট ফ্রান্স কোচ দিদিয়ের ক্লদ ডেসচ্যাম্পসের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এখন একিতিকের চোটের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে ফ্রান্স দল ও সমর্থকরা। তার বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা কাটবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

   

About

Popular Links

x