Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুই হলুদ না এক লাল, কোন কার্ডে কত ম্যাচ নিষিদ্ধ?

২০২৬ বিশ্বকাপে লাল ও হলুদ কার্ডের নিয়মেও এসেছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন

আপডেট : ১২ জুন ২০২৬, ০৮:৪৪ পিএম

বিশ্বকাপে খেলার স্বপ্ন থাকে প্রতিটি ফুটবলারের। তাই টুর্নামেন্ট চলাকালে কার্ডজনিত নিষেধাজ্ঞায় গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করা যে কোনো খেলোয়াড়ের জন্য বড় ধাক্কা। ২০২৬ বিশ্বকাপে নতুন ফরম্যাট চালুর পাশাপাশি লাল ও হলুদ কার্ডের নিয়মেও এসেছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই কার্ডের ছড়াছড়ি দেখা গেছে। গ্রুপ ‘এ’ তে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে রেফারি তিনটি লাল কার্ড দেখান। দক্ষিণ আফ্রিকার ইয়ায়া সিথোলে ও থেম্বা জোয়ানে এবং মেক্সিকোর সিজার মন্তেস মাঠ ছাড়তে বাধ্য হন। ফলে তারা নিজেদের দলের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না।

তুলনামূলকভাবে, ২০২২ কাতার বিশ্বকাপের পুরো আসরে মাত্র চারটি লাল কার্ড দেখানো হয়েছিল। সেখানে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখা গেছে তিনটি লাল কার্ড।

আগের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার-ফাইনালের আগে কোনো খেলোয়াড় দুটি হলুদ কার্ড পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতেন। অর্থাৎ, গ্রুপ পর্বে দুটি কিংবা গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলিয়ে দুটি হলুদ কার্ড পেলেই পরবর্তী ম্যাচে খেলা হতো না।

তবে ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো “রাউন্ড অব ৩২” যুক্ত হওয়ায় ফিফা নিয়মে কিছুটা শিথিলতা এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে সব হলুদ কার্ডের হিসাব মুছে যাবে। এছাড়া কোয়ার্টার-ফাইনাল শেষে হলুদ কার্ডের রেকর্ড আবারও শূন্যে নেমে আসবে।

ফলে কোনো খেলোয়াড় নিষিদ্ধ হতে হলে তাকে গ্রুপ পর্বে দুটি হলুদ কার্ড পেতে হবে অথবা রাউন্ড অব ৩২, রাউন্ড অব ১৬ ও কোয়ার্টার-ফাইনাল মিলিয়ে দুটি হলুদ কার্ড দেখতে হবে।

লাল কার্ডের ক্ষেত্রে নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। কোনো খেলোয়াড় সরাসরি লাল কার্ড কিংবা দুই হলুদ কার্ড থেকে লাল কার্ড দেখলে দলের পরবর্তী ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ থাকবেন।

তবে অপরাধ গুরুতর হলে ফিফা অতিরিক্ত শাস্তি দিতে পারে। সেক্ষেত্রে একাধিক ম্যাচের নিষেধাজ্ঞাও হতে পারে।

আর যদি কোনো খেলোয়াড় দলের শেষ ম্যাচে লাল কার্ড দেখে নিষিদ্ধ হন, তাহলে সেই শাস্তি পরবর্তী অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচেও বহাল থাকবে।

২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) এর ভূমিকাও আরও বিস্তৃত করা হয়েছে। এবার ভুলভাবে দেওয়া দ্বিতীয় হলুদ কার্ড থেকে হওয়া লাল কার্ড ভিএআরের মাধ্যমে পর্যালোচনা করা যাবে। সিদ্ধান্ত ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট কার্ড বাতিল করার সুযোগ থাকবে।

এছাড়া ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর ঘটনা, অর্থাৎ “মিস্টেকেন আইডেন্টিট”র ক্ষেত্রেও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। ফলে কার্ড ও নিষেধাজ্ঞা সংক্রান্ত সিদ্ধান্তে আগের চেয়ে আরও বেশি নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

   

About

Popular Links

x