বিশ্বকাপের মঞ্চে গ্লাভস হাতে অতিমানবীয় পারফরম্যান্সে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছিলেন তিনি। কেপ ভার্দের মতো ছোট এক দেশের হয়ে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে যিনি রুখে দিয়েছিলেন বিশ্বসেরা সব আক্রমণভাগকে, সেই গোলরক্ষক ভোজিনিয়া এবার পেলেন এক বিরল ও অনন্য সম্মান। তবে কোনো ট্রফি বা মেডেল নয়; সমুদ্রের নিচে সদ্য আবিষ্কৃত এক নতুন প্রজাতির সামুদ্রিক শামুকের (সি স্লাগ) নামকরণ করা হয়েছে এই তারকার নামানুসারে।
ক্যারিবীয় সাগরে লাল রঙের ছোট এই মোলাস্ক বা কম্বোজ গোত্রীয় প্রাণীটি আবিষ্কার করেছেন জীববিজ্ঞানী হেসুস ওর্তেয়া। কেপ ভার্দের ৪০ বছর বয়সী এই প্রাচীর-রক্ষকের প্রতি সম্মান জানিয়ে তিনি প্রাণীটির বৈজ্ঞানিক নাম রেখেছেন ‘আলদিসা ভোজিনিয়া’ (Aldisa vozinha)।
জনসংখ্যার হিসাবে ইতিহাসের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল কেপ ভার্দে। গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে শেষ ৩২-এর নকআউটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয়ে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে ৩-২ গোলে হেরে বিদায় নেয় তারা। তবে বিদায়ের আগেই এক অবিশ্বাস্য রূপকথা লিখে ফেলেছিল কেপ ভার্দে।
স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম পয়েন্টটি পেয়েছিল দলটি। আর সেই ম্যাচে পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে ভোজিনিয়া যা করেছিলেন, তা ফুটবল ইতিহাস মনে রাখবে অনেক দিন।
কাকতালীয়ভাবে, স্পেনের জাতীয় ফুটবল দলের ডাকনাম ‘লা রোহা’ বা লাল দল। বিজ্ঞানী হেসুস ওর্তেয়া তার গবেষণা প্রতিবেদনে লিখেছেন, “এই নতুন প্রজাতির শামুকের লাল রংটি স্পেনের (লা রোহা) বিপক্ষে ভোজিনিয়ার সেই অবিস্মরণীয় কীর্তি এবং অনন্য ভূমিকাকেই মনে করিয়ে দেয়।”
ইনস্টাগ্রামে টম ব্রেডিকে পেছনে ফেলার রেকর্ড
স্পেনের বিপক্ষে সেই অতিমানবীয় পারফরম্যান্সের পর রাতারাতি ভোজিনিয়ার জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা মাত্র ৫০,০০০ থেকে একলাফে বেড়ে হয়ে যায় ১ কোটি ৭৪ লাখ! জনপ্রিয়তার এই জোয়ারে তিনি পেছনে ফেলে দেন যুক্তরাষ্ট্রের এনএফএল কিংবদন্তি টম ব্রেডির মতো বিশ্বখ্যাত অ্যাথলেটকেও।
বিজ্ঞানের সঙ্গে ফুটবলের মেলবন্ধন
৭৫ বছর বয়সী বিজ্ঞানী হেসুস ওর্তেয়া স্পেনের ওভিয়েদো বিশ্ববিদ্যালয়ের ‘প্রফেসর ইমেরিটাস’ এবং একজন অন্ধ ফুটবল ভক্ত। কেপ ভার্দের জলসীমায় গবেষণার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে এই দ্বীপরাষ্ট্র তাকে ‘মেডেল অব মেরিট’ সম্মানে ভূষিত করেছিল।
বিজ্ঞানের সঙ্গে ফুটবলের এই ভালোবাসাকে মেলানোর কাজ ওর্তেয়া এবারই প্রথম করলেন না। এর আগেও তিনি কোস্টারিকায় আবিষ্কৃত একটি প্রাণীর নামকরণ করেছিলেন দেশটির সাবেক কিংবদন্তি গোলরক্ষক কেইলর নাভাসের নামে।
এছাড়া স্প্যানিশ ক্লাব স্পোর্টিং গিহনের জার্সির রঙের সঙ্গে মিল থাকা একটি ক্ষুদ্র প্রাণীর নাম তিনি রেখেছিলেন ক্লাবটির সাবেক স্ট্রাইকার কিনির নামে। এবার সেই তালিকায় যুক্ত হলো কেপ ভার্দের ভোজিনিয়ার নাম।



