২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল পেতে শুরু করেছে স্পেন। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পাশাপাশি লাইভ ফিফা র্যাঙ্কিংয়েও বিশ্বের এক নম্বর অবস্থানে উঠে এসেছে লুইস দে লা ফুয়েন্তের দল।
মঙ্গলবার (১৫ জুলাই) প্রকাশিত লাইভ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, স্পেনের বর্তমান রেটিং ১৯৬৫। সেমিফাইনালে জয়ের পর তাদের রেটিং বেড়েছে ৩০.৮ পয়েন্ট। ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্ল্যাটফর্ম ফুটবল মিটস ডেটার সর্বশেষ হিসাব অনুযায়ী, এই পয়েন্ট নিয়েই শীর্ষস্থান দখল করেছে স্প্যানিশরা।
র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, তাদের রেটিং ১৯৪৮। আর ১৯৪৩ রেটিং নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তিন দলের রেটিংয়ের ব্যবধান খুবই কম হওয়ায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর শীর্ষস্থান নির্ভর করবে।
লাইভ র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড (১৮৮৯)। এরপর রয়েছে ব্রাজিল (১৮০৫), মরক্কো (১৮০৪), পর্তুগাল (১৭৮৮), বেলজিয়াম (১৭৭৮), নেদারল্যান্ডস (১৭৭৬) এবং ইতালি (১৭৫৪)।
তবে এটি বিশ্বকাপের চলমান ফলাফলের ভিত্তিতে তৈরি হওয়া লাইভ র্যাঙ্কিং। টুর্নামেন্ট শেষ হওয়ার পর সব ম্যাচের ফল বিবেচনায় নিয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে নতুন বিশ্ব র্যাঙ্কিং প্রকাশ করবে। আপাতত টানা জয় এবং বড় ম্যাচে দাপুটে পারফরম্যান্সের সুবাদে বিশ্বের এক নম্বর দল হিসেবে অবস্থান করছে স্পেন।



