Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপের হতাশা কাটিয়ে জুয়ার আসরে নেইমার, সেখানেও হারলেন

দল বিদায় নেওয়ার পর স্বাভাবিকভাবেই চরম হতাশায় দিন কাটাচ্ছিলেন ব্রাজিলিয়ান পোস্টার বয়

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম

বিশ্বকাপ ফুটবল থেকে দল বিদায় নেওয়ার পর স্বাভাবিকভাবেই চরম হতাশায় দিন কাটাচ্ছিলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার। সেই হতাশা কাটিয়ে কিছুটা মানসিক স্বস্তি ও বিনোদন খুঁজতেই তিনি ছুটে গেছেন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক রাজকীয় ক্যাসিনোয়। সেখানে বিশ্বখ্যাত পোকার প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড সিরিজ অব পোকার’ (ডব্লিউএসওপি)-এ অংশ নিতে দেখা গেছে তাকে।

তবে ফুটবল মাঠের মতো তাস খেলায় এবার খুব বেশি দূর এগোতে পারেননি ৩৪ বছর বয়সী এই ব্রাজিলীয় ফরোয়ার্ড। প্রতিযোগিতাটির ১০ হাজার মার্কিন ডলার বাই-ইনের ‘সিক্স-ম্যাক্স’ মেইন ইভেন্ট থেকেই ছিটকে যেতে হয়েছে তাকে।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের প্রায় এক সপ্তাহের মধ্যেই নেইমারের ভেগাসের পোকার টেবিলে অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) নেইমারের অংশগ্রহণের বিশেষ একটি ভিডিও প্রকাশ করে আয়োজক কর্তৃপক্ষ লিখেছে, “ওয়ার্ল্ড সিরিজ অব পোকার ২০২৬-এ স্বাগতম, নেইমার।”

মার্কিন সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসের প্রতিবেদনে জানানো হয়েছে, পোকার খেলায় নেইমার একেবারেই নতুন নন; এর আগেও তিনি বিভিন্ন সময়ে নিজের পোকারপ্রীতির কথা জানান দিয়েছেন। এমনকি ২০১৫ সালে এই একই ডব্লিউএসওপি টুর্নামেন্টে তিনি ফাইনাল টেবিল পর্যন্ত খেলেছিলেন। পেশাদার ফুটবলের ফাঁকে সময় সুযোগ পেলেই অনলাইনে পোকার খেলতে অভ্যস্ত এই ব্রাজিলীয় সুপারস্টার।

   

About

Popular Links

x