Monday, July 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেষ সময়ের বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ৭৪ লাখ টাকা

বিশ্বকাপ ফাইনাল ঘিরে বিশ্বকাপে টিকিটের দাম এখন পৌঁছেছে নতুন উচ্চতায়

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৪:১২ পিএম

বিশ্বকাপ ফাইনাল ঘিরে বিশ্বকাপে টিকিটের দাম এখন পৌঁছেছে নতুন উচ্চতায়। শেষ মুহূর্তে ঐতিহাসিক এই ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে ১০,০০০ থেকে সর্বোচ্চ ৬০,০০০ ডলারে।

শনিবার (১৮ জুলাই) সকালে ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে সবচেয়ে কম দামের টিকিট ছিল গোলপোস্টের পেছনের গ্যালারিতে। এর মূল্য ছিল ৬,৪১১.২৫ ডলার (প্রায় ৮ লাখ টাকা)। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই টিকিট বিক্রি হয়ে যায়।

পরবর্তীতে সবচেয়ে কম দামের টিকিটও উঠে যায় প্রায় ১০,০০০ ডলারে। স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশের এসব টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।

মাঠের আরও কাছাকাছি বসে খেলা দেখতে গুনতে হচ্ছে প্রায় ১৬,০০০ ডলার। আর বিশেষ হসপিটালিটি আসনের দাম পৌঁছেছে প্রায় ৬০,০০০ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকা।

টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক ও স্টাবহাবেও একই চিত্র। সেখানে আপার ডেকের টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ১০,০০০ ডলার থেকে। লোয়ার বোলের কিছু আসনের দাম উঠেছে ৩৫,০০০ ডলারের কাছাকাছি।

এবারের ফাইনাল ঘিরে আগ্রহের অন্যতম কারণ, প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। একইসঙ্গে এটি বিশ্বকাপে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ। ফলে ফুটবল সমর্থকদের আগ্রহ স্বাভাবিকভাবেই তুঙ্গে।

   

About

Popular Links

x