Monday, July 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার আর্জেন্টিনার সামনে ‌‘জুলাই অভিশাপ’

আর্জেন্টিনা এখন পর্যন্ত তিনবার বিশ্বকাপের শিরোপা জিতেছে

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম

টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ২০ জুলাই শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ফাইনালের আগে ইতিহাসের একটি অস্বস্তিকর পরিসংখ্যান ঘিরে আলোচনায় লিওনেল স্কালোনির দল। কারণ, জুলাই মাসে অনুষ্ঠিত কোনো বিশ্বকাপ ফাইনালেই এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি আর্জেন্টিনা।

আর্জেন্টিনা এখন পর্যন্ত তিনবার বিশ্বকাপের শিরোপা জিতেছে। ১৯৭৮ সালে নিজেদের মাটিতে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় তারা। সেই ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ২৫ জুন।

দ্বিতীয় শিরোপা আসে ১৯৮৬ সালে। মেক্সিকো বিশ্বকাপের ২৯ জুনের ফাইনালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে ট্রফি জেতে আলবিসেলেস্তেরা।

সবশেষ ২০২২ সালে লিওনেল মেসির নেতৃত্বে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। কাতারের গরম আবহাওয়ার কারণে সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর মাসে। ১৮ ডিসেম্বরের ফাইনালে টাইব্রেকারে শিরোপা নিশ্চিত করে তারা।

অন্যদিকে, আর্জেন্টিনা মোট ছয়বার বিশ্বকাপের ফাইনালে খেললেও জুলাই মাসে অনুষ্ঠিত তিনটি ফাইনালেই হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাদের।

১৯৩০ সালের ৩০ জুলাই অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক উরুগুয়ের কাছে ৪-২ গোলে হারে আর্জেন্টিনা।

এরপর ১৯৯০ সালের ৮ জুলাই ইতালিতে অনুষ্ঠিত ফাইনালে পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে পরাজিত হয় ম্যারাডোনার দল।

জুলাইয়ের আরেকটি ফাইনালে হার দেখেছেন লিওনেল মেসিও। ২০১৪ সালের ১৩ জুলাই ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।

এবারের ২০২৬ বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হচ্ছে জুলাই মাসেই। স্পেনকে হারাতে পারলে শুধু টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের কীর্তিই গড়বে না আর্জেন্টিনা, একই সঙ্গে জুলাই মাসে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের ইতিহাসও রচনা করবে।

লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপে তাই আর্জেন্টিনার সামনে দুটি বড় লক্ষ্য, বিশ্বকাপের শিরোপা ধরে রাখা এবং জুলাইয়ের দীর্ঘদিনের ব্যর্থতার ইতিহাস ভেঙে নতুন অধ্যায়ের সূচনা করা।

   

About

Popular Links

x