Monday, July 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

চতুর্থ তারকার স্বপ্নে নিউইয়র্কে আকাশি-সাদার জোয়ার

হাজারো সমর্থকের উপস্থিতিতে সেখানে যেন তৈরি হয়েছে ছোট্ট এক আর্জেন্টিনা

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আর মাত্র একটি ম্যাচ বাকি। কয়েক ঘণ্টা পরই জানা যাবে, কার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি। শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে স্পেনের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই ম্যাচ ঘিরে নিউইয়র্কে তৈরি হয়েছে উৎসবের আবহ।

বিশ্বকাপের চতুর্থ শিরোপার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা সমর্থকেরা ফাইনালের আগে নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে জড়ো হয়ে পুরো এলাকাকে আকাশি-সাদা রঙে রাঙিয়ে তুলেছেন। হাজারো সমর্থকের উপস্থিতিতে সেখানে যেন তৈরি হয়েছে ছোট্ট এক বুয়েনস আইরেস।

ড্রাম, গান, পতাকা আর স্লোগানে মুখর হয়ে ওঠে টাইমস স্কয়ার। লিওনেল মেসির বিশাল প্রতিকৃতি, প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ছবি এবং আর্জেন্টিনার জাতীয় পতাকা হাতে নিয়ে উল্লাসে মাতেন সমর্থকেরা। অনেকেই ঐতিহ্যবাহী শোভাযাত্রা বের করে ড্রাম বাজিয়ে ও ব্যানার উড়িয়ে দলের প্রতি সমর্থন জানান।

সমর্থকদের বিশ্বাস, লিওনেল মেসির নেতৃত্বেই আবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। সেই সঙ্গে আলবিসেলেস্তেদের জার্সিতে যুক্ত হবে চতুর্থ বিশ্বকাপজয়ী তারকা।

বাংলাদেশ সময় আজ রাত ১টায় নিউইয়র্ক–নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। একদিকে সম্ভাব্য শেষ বিশ্বকাপে লিওনেল মেসির আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন, অন্যদিকে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের প্রথম বিশ্বকাপ জয়ের লড়াই, সব মিলিয়ে ফুটবল বিশ্বের দৃষ্টি এখন এই মহারণের দিকে।

চতুর্থ বিশ্বকাপ জিততে পারলে আর্জেন্টিনা ইতিহাসে নিজেদের অবস্থান আরও শক্ত করবে। একই সঙ্গে জার্সিতে যুক্ত হবে নতুন একটি স্বর্ণালি তারকা, যা বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে তাদের নতুন গৌরবের প্রতীক হয়ে থাকবে।

   

About

Popular Links

x