Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

পোল্যান্ড-সৌদি আরব ম্যাচে আর্জেন্টিনার লাভ কোন ফলাফলে?

সৌদি আরবের কাছে হারের পরও নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা এখনও আলবিসেলেস্তেদের নিজেদের হাতেই রয়েছে

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৯:০০ পিএম

কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র হওয়ার পর আর্জেন্টিনাকেই সি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ধরেন নিয়েছিল সবাই। পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরবের মতো দলকে আলবিসেলেস্তেদের সামনে বড় বাধা হিসেবে বিবেচনা করেননি কেউই। বরং আকাশ--সাদা শিবিরকেই এবারের আসরের শিরোপার সম্ভাব্য দাবিদার বলে মনে করা হচ্ছিলো।

তবে ফুটবল সবসময় কাগজ-কলমের প্রথাগত ধারণা মেনে চলে না। কাতার বিশ্বকাপে তাই আর্জেন্টিনার শুরুটাও হলো সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত পরাজয় দিয়ে। অধিনায়ক লিওনেল মেসির পেনাল্টিতে প্রথমে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের এক ঝড়ে মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে ১-২ গোলের হার নিয়ে মাঠে ছাড়ে লিওনেল স্কলোনির শিষ্যরা।

সৌদি আরবের কাছে ওই হারের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের অপরাজিত যাত্রা শেষ হয়ে যায়। যদিও কাতার বিশ্বকাপের নকআউট পর্বের যাওয়ার সম্ভাবনা এখনও আলবিসেলেস্তেদের নিজেদের হাতেই রয়েছে। কারণ পরের দুটি ম্যাচ জিতলেই দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নকআউট পর্ব নিশ্চিত।

তবে এর অন্যথা হলেই অর্থাৎ আর্জেন্টিনা যদি মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটির একটি জেতে এবং একটি হারে আর্জেন্টিনার শেষ ষোলোয় যাওয়ার সমীকরণ অনেক যদি-কিন্তুর মাঝে পড়ে যাবে। সেক্ষেত্রে লিওনেল মেসিদের তাকিয়ে থাকতে হবে সি গ্রুপের বাকি ম্যাচগুলোর ফলাফলের দিকেও।

এক্ষেত্রে আর্জেন্টিনার সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠতে পারে প্রথম ম্যাচেই তাদের হারিয়ে দেওয়া সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটি যদি তাদের পরের দুই ম্যাচে জয় লাভ করে, তাহলে এক জয় এবং এক ড্রয়ে অর্জিত ৪ পয়েন্ট নিয়েও নকআউট পর্বে যেতে পারবে আর্জেন্টিনা। তাই সৌদি আরব তাদের পরবর্তী প্রতিপক্ষ পোল্যান্ডের বিপক্ষে জয় পাক, সেই কামনাই করবে লাতিন পরাশক্তিরা।

পোল্যান্ডের বিপক্ষে সৌদি আরব জিতে গেলে দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলবে। অন্যদিকে, দুই ম্যাচ থেকে পোল্যান্ডের পয়েন্ট তখন হবে ১। সেই সঙ্গে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার হার এড়াতে পারলেও আর্জেন্টিনার শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে। গ্রুপপর্বে আর্জেন্টিনা তাদের শেষ ম্যাচে পোলিশদের হারিয়ে সহজেই নকআউট পর্বে ওঠার সুযোগ থাকবে মেসিদের সামনে।

মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনা আর পোল্যান্ডের বিপক্ষে সৌদি আরব জয়লাভ করলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে সৌদি আরব। ৩ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা থাকবে তাদের পরেই। ১ পয়েন্ট করে নিয়ে গ্রুপের তলানিতে থাকবে পোল্যান্ড ও মেক্সিকো। সেক্ষেত্রে সি গ্রুপের শেষ দুটি ম্যাচ নকআউট পর্বের দৌড়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।

সেই দুই ম্যাচের একটিতে সৌদি আরবের বিপক্ষে মেক্সিকো জিতলে তাদের পয়েন্ট হবে ৪। আর্জেন্টিনা তখন পোল্যান্ডকে হারাতে পারলেই শেষ ষোলো নিশ্চিত। তবে যদি আলবিসেলেস্তেরা হারের স্বাদ পায়, তাহলে তাদের বিশ্বকাপ অভিযানের ইতি ঘটবে সেখানেই।

তবে আর্জেন্টিনা আর পোল্যান্ডের মধ্যকার ম্যাচ ড্র হলে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সংগ্রহ হবে মেক্সিকানদের সমান ৪ পয়েন্ট। সেক্ষেত্রে নকআউট পর্বে যাওয়ার ক্ষেত্রে বিবেচ্য হবে গোল ব্যবধান। গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে, তারাই যাবে শেষ ষোলোতে। আর গোল ব্যবধান সমান হলে গ্রুপপর্বে সর্বোচ্চ গোল করা দল পরের পর্বে পা রাখবে।

   

About

Popular Links

x