কুঁচকির চোটে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। নিয়মিত অধিনায়ককে ছাড়াই সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে হবে টাইগারদের।
এদিকে, পুরনো পিঠের ব্যথায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ।
বুধবার (৩০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে কুঁচকিতে চোট পান ওয়ানডে অধিনায়ক তামিম।
যদিও এ বিষয়ে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে জানা গেছে, প্রায় দুই সপ্তোহের জন্য বিশ্রামে থাকতে হবে তামিমকে। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তামিমকে পাওয়া নিয়েও শঙ্কা আছে।
তাসকিনের বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “পিঠের পুরনো ব্যাথার কারণে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে তাসকিন ছিটকে গেছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
বাংলাদেশ-ভারতের সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অবশ্য সুপার লিগের অংশ নয়। তবে টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
৪, ৭ ও ১০ ডিসেম্বর সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০ ডিসেম্বর শেষ ওয়ানডে খেলবে দুই দল। দিবারাত্রির তিনটি ম্যাচই শুরু হবে বেলা ১২টায়।
বাংলাদেশের ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন ও নুরুল হাসান।



