Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

শক্তিশালী ফ্রান্সকে মোকাবিলা করতে কতটুকু প্রস্তুত পোল্যান্ড

এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড কিংবা সেনেগালের বিরুদ্ধে লড়বে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৬:৫২ পিএম

চার বছর আগে রাশিয়ায় উঁচিয়ে ধরা বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে শেষ ষোলোয় পোল্যান্ডের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। 

কাতারের রাজধানী দোহার আল থুমামা স্টেডিয়ামে রবিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড কিংবা সেনেগালের বিরুদ্ধে লড়বে।

পরিসংখ্যান

- ২০০৬ সালের ব্রাজিলের পর প্রথম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে পা রেখেছে ফ্রান্স।

- সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পোল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ ৭ ম্যাচেই অপরাজিত রয়েছে ফ্রান্স (৪ জয় এবং ৩ ড্র)। পোলিশদের বিপক্ষে ফ্রান্সের সর্বশেষ হারের ঘটনা প্রায় ৪০ বছরের পুরোনো। ১৯৮২ সালে এক প্রীতি ম্যাচে ফরাসিদের ৪-০ গোলে হারিয়েছিল পোল্যান্ড।

- ১৯৮৬ সালের পর এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের গ্রুপপর্ব পেরোতে সমর্থ হয়েছে পোল্যান্ড। ৩৬ বছর আগে সেই আসরের শেষ ষোলোতে ব্রাজিলের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল পোলিশরা।

- স্বদেশী ইয়ান টমাসজেস্কি (১৯৭৪) এবং যুক্তরাষ্ট্রের ব্র্যাড ফ্রিডেলের (২০০২) পর বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় গোলরক্ষক হিসেবে একই আসরে (টাইব্রেকার ব্যতিত) দুটি পেনাল্টি সেভের কীর্তি গড়েছেন পোল্যান্ডের ভোচিয়েক শেজনি।

- ফিফা বিশ্বকাপে ফ্রান্স এবং পোল্যান্ড একবারই পরস্পরের মুখোমুখি হয়েছিল। ১৯৮২ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী সেই ম্যাচে ফরাসিদের ৩-২ গোলে হারিয়েছিল পোলিশরা।

ম্যাচ প্রিভিউ

কাতার বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল ফ্রান্স ফেবারিট হিসেবেই শেষ ষোলোয় পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ এবং ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে উত্তরণ নিশ্চিত করেছিল দিদিয়ের দেশমের শিষ্যরা। শেষ ম্যাচে তিউনিশিয়ার কাছে ০-১ গোলে হারলেও ফ্রান্সের মূল একাদশের অনেকেই বিশ্রামে ছিলেন।

অন্যদিকে, পোল্যান্ডের কাতার বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্রয়ের মাধ্যমে। পরের ম্যাচে সৌদি আরবকে ২-০ গোলে হারালেও শেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে ০-২ গোলে পরাজিত হয় পোলিশরা। মেক্সিকোর সমান চার পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে শেষ ষোলোর টিকিট পায় পোল্যান্ড।

গত ম্যাচে মূল একাদশের অনেকেই বিশ্রামে থাকায় পূর্ণশক্তির দল নিয়েই পোল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। তবে পোলিশদের বিপক্ষে লড়াইয়ে শক্তিমত্তার চেয়ে মাথা ঠাণ্ডা রাখাটাই ফরাসিদের কাছে মুখ্য হয়ে দাঁড়াবে।

ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেন, পোল্যান্ড দলে অভিজ্ঞ খেলোয়াড় আছে। রবার্ট লেভানডফস্কি স্পষ্টতই বিশ্বের সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন। তাদের হেলাফেলা করা আমাদের অনুচিত।

একই সতর্কতার সুর ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোমানের কণ্ঠেও। তিনি বলেন, এটা বিশ্বকাপের ম্যাচ। এখানে সবকিছুই সম্ভব। ফেবারিট তত্ত্বের কোনো অর্থ নেই এখানে।

পোল্যান্ডের জন্য নিঃসন্দেহে বড় হুমকি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড কাতার বিশ্বকাপে ইতোমধ্যেই ৪ গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছেন। আরেক ফরাসি উইঙ্গার ওসমান ডেম্বেলেও দুরন্ত গতির দিয়ে পোলিশ রক্ষণে ত্রাস সৃষ্টির মাধ্যমে পোল্যান্ডের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন।

এছাড়া, অলিভিয়ের জিরুদও পোল্যান্ডের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারেন। ইতোমধ্যেই থিয়েরি হেনরির সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটি ভাগাভাগি করছেন জিরুদ। পোলিশদের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে ৫২তম গোলের দেখা পেয়ে গেলে ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার হয়ে যাবেন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা।

আক্রমণভাগ নিয়ে নিশ্চিন্ত থাকলেও রক্ষণভাগ নিঃসন্দেহে ফ্রান্সের কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য। হ্যামস্ট্রিংয়ের চোটের পর দলের বিশ্বকাপজয়ী সেন্টারব্যাক রাফায়েল ভারানে নিজেকে হারিয়ে খুঁজছেন। বর্তমান সময়ের অন্যতম নিখুঁত গোলশিকারি রবার্ট লেভানডফস্কিকে মোকাবিলা করার আগে ভারানের সামনে থাকবে নিজের সেরা ছন্দে ফেরার তাগিদ।

লেভানডফস্কির সাবেক বায়ার্ন মিউনিখ সতীর্থ কোমান অবশ্য পোলিশ স্ট্রাইকারকে সহজে আটকানোর একটি উপায় বাতলে দিয়েছেন। ফরাসি উইঙ্গারের ভাষ্যমতে, পোলিশ স্ট্রাইকারের কাছে বল যাওয়ার গতিপথ বন্ধ করে দিলেই তাকে অকার্যকর করে রাখা সম্ভব।

অলিভিয়ের জিরুদের মতো পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ফ্রান্স অধিনায়ক হুগো লরিসের জন্যও রেকর্ডের উপলক্ষ। পোলিশদের বিরুদ্ধে মাঠে নামার মাধ্যমে ফ্রান্সের জার্সি গায়ে ১৪২তম ম্যাচ খেলবেন লরিস। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডধারী লিলিয়ান থুরামের পাশে বসবেন ফরাসি গোলরক্ষক। 

   

About

Popular Links

x