ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের শেষকৃত্যে যোগ দিতে গিয়ে অদ্ভুত এক কাণ্ড করে বিতর্কের জন্ম দিয়েছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর।
পেলেকে শেষশ্রদ্ধা জানাতে তার কফিন সোমবার (২ জানুয়ারি) নেওয়া হয়েছিল সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে। ক্যারিয়ারের শেষ দুই বছর নিউইয়র্ক কসমসে খেলেছেন পেলে। ক্যারিয়ারের শুরু থেকেও ১৮টি বছর পেলে খেলেছেন সান্তোসে।
ডেইলি মেইল জানিয়েছে, মারা যাওয়ার আগে তাই পেলে নিজেই বলে গিয়েছিলেন, তার শবদেহ যেন সান্তোসের মাঠে নিয়ে যাওয়া হয়।
পেলের কথা রেখে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে ২৪ ঘণ্টার জন্য রাখা হয়েছিল তার শবদেহ। ব্রাজিলের মানুষ ফুটবলের রাজাকে শ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছিল সেখানে। বিশ্বের নানা প্রান্ত থেকে খেলার জগতের তারকা আর সংগঠকেরা পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছিলেন সান্তোসের মাঠে।
পেলেকে যেন মানুষ শেষবারের মতো একবার দেখতে পায়, এ কারণে খুলে রাখা হয়েছিল কফিনের ঢাকনা। আর সেই খোলা কফিনের সামনেই হঠাৎ নিজের মোবাইল ফোন বের করে একটি সেলফি তোলেন ফিফা সভাপতি ইনফান্তিনো।
এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইনফান্তিনোর কাণ্ডজ্ঞান নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ভিডিওতে দেখা যায়, ইনফান্তিনো সেলফি তোলার একটু পর সেখানে এক ব্যক্তি এসে দাড়ান। তিনি ইনফান্তিনোর সঙ্গে সেলফি তোলার জন্য নিজের মোবাইল বের করেছিলেন । তবে ওই ব্যক্তিকে সেলফি তুলতে দেওয়া হয়নি। এরপর ইনফান্তিনো পেলের স্ত্রী মার্সিয়া ও ছেলে এদিনিওকে সমবেদনা জানান।
ফুটবলের রাজা ব্রাজিলের কিংবদন্তি তারকা ফুটবলার পেলে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মৃত্যুবরণ করেন।



