চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে ২০১৪ সালে সর্বশেষ কোপা ডেল রে প্রতিযোগিতার শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। এরপর থেকে কখনও সুবিধাজনক অবস্থানে থাকা অবস্থায় কিংবা দ্বিতীয়-তৃতীয় বিভাগের দলের কাছে হেরে এই টুর্নামেন্ট থেকে লস ব্লাংকোসদের বিদায় নিতে হয়েছে। মাঝে তো একবার নিষিদ্ধ খেলোয়াড় মাঠে নামিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল তারা।
কোপা ডেল রে তাই রিয়াল মাদ্রিদের কাছে অধিকাংশ সময়েই আক্ষেপ আর দুর্ভাগ্যের নামান্তর ছিল। ২০২২-২৩ মৌসুমে সেই ধারা বদলাবে নাকি সেটি সময়ই বলবে। তবে মঙ্গলবার (৩ জানুয়ারি) কাসেরেনোকে হারিয়ে কোপা ডেল রে প্রতিযোগিতার শেষ ষোলোয় নাম লিখিয়েছে রিয়াল। যদিও চতুর্থ বিভাগের দলটিকে হারাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে কার্লো অ্যানচেলত্তির শিষ্যদের।
লা লিগায় শুক্রবার রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে মাঠে নামানো একাদশ থেকে নয়টি পরিবর্তন এনে কাসেরেনোর বিরুদ্ধে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা, থিবো কর্তোয়া, টনি ক্রুস, লুকা মডরিচ, ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া ওই একাদশকে দ্বিতীয় সারির দল বললেও ভুল হবে না। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে রিয়ালকে তাই ভুগতে হয়েছে বেশ ভালোভাবেই।
✨ ¡Este gol no podía marcarse en otra competición que no fuese la #CopaDelRey!
? @RodrygoGoes pic.twitter.com/1phdTi9JMH— Real Madrid C.F. (@realmadrid) January 3, 2023
সেই সঙ্গে নতুন সমস্যা হিসেবে যোগ হয়েছিল কাসেরেনোর এবড়োথেবড়ো মাঠ, ম্যাচের পর যেটির সমালোচনা করেছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ অ্যানচেলত্তিও। প্রথমার্ধে তাই রিয়াল ছিল ছন্নছাড়া। চতুর্থ বিভাগের দলটির বিরুদ্ধে গোলশূন্য থেকেই খেলার মধ্যবিরতিতে যায় লস ব্লাংকোসরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও রিয়ালকে চিনতে হচ্ছিল শুধু নাম দেখেই।
তবে ৬৯ মিনিটে রদ্রিগো গোয়েসের একক দক্ষতার বাজিমাতে লিড পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। বাঁ প্রান্তে বল পেয়ে একে একে প্রতিপক্ষের চার খেলোয়াড়কে বোকা বানিয়ে গোলমুখের দিকে এগিয়ে যান ব্রাজিলিয়ান উইঙ্গার। কাসেরেনোর আরও এক ডিফেন্ডার রদ্রিগোর ডান পাশে এসে তাকে বাধা দিতে চাইলেও প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে ঠিকই বল জালে জড়িয়ে রিয়ালকে এগিয়ে দেন তিনি।
ব্রাজিলের অনেক খেলোয়াড়ের মতো রদ্রিগোও পেলের দারুণ গুণমুগ্ধ। আর হবেন নাই বা কেন? পেলের মতো রদ্রিগোও যে বেড়ে উঠেছেন সান্তোসেই। বেড়ে ওঠার পথে তাই পেলের বীরত্বগাঁথা শুনে বড় হয়েছেন রদ্রিগো। তিনি যখন কাসেরেনোর বিপক্ষে মাঠে খেলছেন, ততক্ষণে ব্রাজিলে সদ্যপ্রয়াত ফুটবলের রাজাখ্যাত পেলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
✨ ¡Este gol no podía marcarse en otra competición que no fuese la #CopaDelRey!
? @RodrygoGoes pic.twitter.com/1phdTi9JMH— Real Madrid C.F. (@realmadrid) January 3, 2023
পেলের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকতে না পারলেও পূর্বসুরিকে শ্রদ্ধা জানাতে ভুলেননি রদ্রিগো গোয়েস। কাসেরেনোর বিপক্ষে গোলের পর উদযাপনের সময়ে তিনবার লাফ দিয়ে প্রতিবারই মুঠোবদ্ধ ডান হাত শূন্যে ছুড়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। খেলোয়াড়ি জীবনে সান্তোস এবং ব্রাজিলের হয়ে করা পেলের সেই গোল উদযাপনকে সামনে এনে যেন ব্রাজিলিয়ান কিংবদন্তিকে শেষ সম্মান জানালেন রদ্রিগো।
ম্যাচের শেষদিকে কাসেরেনো গোল শোধ করতে প্রাণপণ চেষ্টা করেছিল। কিন্তু রিয়াল মাদ্রিদ রক্ষণাত্মক কৌশলে বাকি সময়টা পার করে দেওয়ায় সেটি আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রদ্রিগোর করা ওই একমাত্র গোলেই কাসেরেনোকে হারিয়ে কোপা ডেল রের শেষ ষোলোর টিকিট পেয়েছে উনিশবারের চ্যাম্পিয়নরা।



